কুম্বলে-কোহলি দ্বন্দ্ব থেকে শিক্ষা নিল বোর্ড, ট্যুর ম্যানেজার নিয়ে নতুন ভাবনা বিসিসিআইয়ের
বিভিন্ন অ্যাসোসিয়েশানের প্রতিনিধিরা ভারতীয় দলের বিভিন্ন সফরে ট্যুর ম্যানেজারের দায়িত্ব সামলাতেন কিন্তু কুম্বলে-কোহলি বিতর্কের পর বিষয়টা অন্যভাবে ভাবছে বিসিসিআই
আর রাজ্যসংস্থাগুলিকে তেল দেবে না বিসিসিআই। এর আগে বিভিন্ন রাজ্য সংস্থাগুলিকে খুশি রাখতে বিসিসিআই রোটেশান পদ্ধতিতে ট্যুর ম্যানেজার নিয়োগ করত। লটারি কিম্বা রোটেশানের ভিত্তিতে বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিরা এই দায়িত্ব পেতেন। কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর দায়িত্ব নেওয়ার পর এই সিস্টেমে ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু এবার আর দেরি নয় একেবারে পেশাদার ভাবে কোমড় বেঁধে নামছে বোর্ড। সামনের এক দু সপ্তাহের মধ্যেই ভারতীয় দলের ম্যানেজার চেয়ে কাগজে বিজ্ঞাপন দেবে তারা। দলের ম্যানেজারের যোগ্যতামানও ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। অন্তত প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। যদি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকে তাহলে সেই আবেদকারী নিশ্চিতভাবেই দৌড়ে এগিয়ে যাবেন।
আসলে কুম্বলে-কোহলি দ্বন্দ্ব যেভাবে বাইরে এসেছে তাতে আদৌ খুশি নয় ভারতীয় বোর্ড। বোর্ড কর্মকর্তাদের মতে এই দ্বন্দ্ব এভাবে বাইরে আসা মোটেই কাম্য নয়। টিম ম্যানেজারের উচিত ছিল সেসময়ে ড্রেসিংরুমের রাশ ধরা। এদিকে সেই টিম ম্যানেজারের কাছে রিপোর্ট চাওয়া হলেও এখনও তা বোর্ডের কাছে জমা পড়েনি।

বোর্ডের সূত্র জানিয়েছেন শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটারদেরই ম্যানেজার হওয়ার যোগ্যতা আছে। ক্রিকেটার যাঁরা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অথবা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের কথাই ভাবা হচ্ছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন পুরোন ট্যুর ম্যানেজার যাঁরা ভাল করে কাজ করেছেন তাঁদের কথাও আলোচনা করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে বোর্ড শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটারদেরই এই বিশেষ দায়িত্ব দেওয়ার বিষয়ে একমত। কারণ যেহেতু তাঁরা নিজেরা ক্রিকেট খেলেছেন তাই তাঁরা ক্রিকেটারদের সমস্যাগুলি বেশি ভাল বুঝতে পারবেন।












Click it and Unblock the Notifications