অবিশ্বাস্য : এক ম্যাচে দুই দলের ১৩ জন আউট শূন্য রানে
প্রাগ, ৮ জুন : ক্রিকেট বিশ্বের অন্যতম অভিনব ঘটনার সাক্ষী থাকল চেক প্রজাতন্ত্র। দুইদলের ম্যাচে মোট ১৩ জন আউট হলেন শূন্য রানে। এর মধ্য ৯ জন একই দলের খেলোয়াড়। এছাড়াও আশ্চর্যজনকভাবে একজন খেলোয়াড় দু'বার ব্যাটে বল লাগিয়ে 'হিট দ্য বল টোয়াইস' আউট হলেন।
বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের প্রাগে। সেখানে ৪০ ওভারের ম্যাচে প্রাগ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ হয় বোহেমিয়ান ক্লাবের খেলোয়াড়দের।

সেই ম্যাচে বোহেমিয়ান ক্লাবের দলের খেলোয়াড়রা ২২.২ ওভারে ৮ উইকেট খুইয়ে ১২৬ রান তোলে। এর মধ্যে ৪ জন শূন্য করেন। এবং একজন ৫ রানের মাথায় 'হিট দ্য বল টোয়াইস' আউট হন। যদিও কেন পুরো ওভার খেলা হয়নি তা জানা যায়নি।

এরপর জবাবে ব্যাট করতে নেমে প্রাগ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা ৫৪ রানেই গুটিয়ে যান। মোট ৯ জন খেলোয়াড় খাতা না খুলেই বিদায় নেন। আদিত্য জয়সওয়াল নামে একজন খেলোয়াড় শুধু ৪৩ রান করে অপরাজিত থাকেন।
গত ২ জুন ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications