BAN vs SA: ব্যাট না ছুঁইয়ে প্রথম বলেই ১০ রান! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজব ঘটনার সাক্ষী বাংলাদেশ
BAN vs SA: ব্যাটে বল লাগেনি। তাতেই এক বলে ১০ রান যোগ হলো বাংলাদেশের স্কোরবোর্ডে। আজ এই ঘটনা ঘটেছে চট্টগ্রামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৭৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে দিনের শেষে ৩৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। তার মধ্যে ১০ রান যেন বোনাস!

বাংলাদেশের ওপেনিং ব্য়াটার প্রথম বল খেলার আগেই তাদের স্কোরকার্ডে যোগ হয়েছিল ৫ রান। সেনুরান মুথুসামী বারবার পিচের উপর দিয়ে দৌড়াচ্ছিলেন। সতর্ক করেন আম্পায়াররা। কিন্তু তাতেও কাজ হয়নি। এভাবে আইসিসির বিধি লঙ্ঘন করায় শাস্তি হয় প্রোটিয়াদের। বাংলাদেশের খাতায় যোগ হয় ৫ রান।
বাংলাদেশ ইনিংসের প্রথম বলটি করছিলেন কাগিসো রাবাডা। যিনি এদিনই জসপ্রীত বুমরাহকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার হয়েছেন। প্রথম ওভারের প্রথম বলটি রাবাডা অফ স্টাম্পে রাখেন। সেই বলটি ছেড়ে দেন ওপেনার সাদমান ইসলাম। এরপরই নজিরবিহীন কাণ্ড!
একেই ইনিংসের শুরুতেই বাংলাদেশ পেয়েছিল ৫ রান। দ্বিতীয় ডেলিভারিটি রাবাডা লেগ সাইডে ওয়াইড করেন। উইকেটকিপার না ধরতে পারায় বল বাউন্ডারি লাইনে চলে যায়। এই বলটি আবার ওভারস্টেপিংয়ের কারণে নো বল হয়। ফলে বাংলাদেশের স্কোর সেই সময় দাঁড়ায় ১ বলে ১০ রান। তাও ব্যাট থেকে ১ রানও আসেনি।
দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার শতরান পান। ওপেনার টনি ডি জর্জি ১৭৭, তিনে নামা ট্রিস্টান স্টাবস ১০৬ করেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে উইয়ান মুল্ডার ১০৫ রানে অপরাজিত থাকেন। আটে নামা মুথুসামী করেন অপরাজিত ৬৮। এ ছাড়া ডেভিড বেডিংহ্য়াম করেন ৫৯। তাইজুল ইসলাম ৫ উইকেট পান।
জবাবে ৯ ওভারে বাংলাদেশ চার উইকেটে ৩৮ তুলে ধুঁকছে। ৩ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাবাডা। ডেন প্যাটারসন ও কেশব মহারাজ ১টি করে উইকেট নিয়েছেন। শাদমান ইসলাম ০, মাহমুদুল হাসান জয় ১০, জাকির হাসান ২, হাসান মাহমুদ ১ রান করেন। মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন। এই টেস্টও প্রোটিয়ারা জিতলে তাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা আরও বাড়বে।












Click it and Unblock the Notifications