WI vs ENG: অধিনায়কের উপর অসন্তোষ, ম্যাচ চলাকালীনই রেগে মাঠ ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজের বোলার! দেখুন ভিডিও
WI vs ENG: ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপের উপর রেগেমেগে মাঠ ছাড়লেন দলের তারকা বোলার আলজারি জোসেফ। তাও আবার ম্যাচ চলাকালীন।
বুধবার বার্বাডোজে ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিক। ম্যাচ তথা সিরিজ জয় নিশ্চিত করল ক্যারিবিয়ানরা। তবে জোসেফের আচরণে অবাক সকলেই।

ঘটনার সূত্রপাত ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভারে। নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়েছিলেন জোসেফ। প্রথম বল করার পর দেখা যায় অধিনায়ক হোপের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে। ফিল্ডিং সাজানো নিয়েই দুজনের কথা হচ্ছিল। মনে হচ্ছিল স্লিপ ফিল্ডিং সাজানো নিয়ে সন্তুষ্ট ছিলেন না জোসেফ।
এরপরও তিনি বোলিং চালিয়ে যান। ওভারের চতুর্থ বলটি ছিল শর্ট ডেলিভারি, যার গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৮.২ কিলোমিটার। সেই ডেলিভারিটি সামলাতে না পেরে জর্ডন কক্স উইকেটকিপার হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। যদিও এই উইকেটটি নেওয়ার পর তা সেলিব্রেট করেননি জোসেফ।
উইকেট পাওয়ার পরও জোসেফ যে ক্রোধান্বিত তা ধরা পড়ে টিভি ক্যামেরায়। এই ওভারটি ছিল উইকেট-মেডেন। শেষ বলটি করার পরই আচমকা অধিনায়কের উপর রেগেমেগে মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। যা দেখে সকলেই বিস্ময় প্রকাশ করেন।
ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি ছিলেন মাঠের ধারেই। তিনি জোসেফের ক্ষোভ প্রশমনের চেষ্টা করলেও লাভ হয়নি। কিছুক্ষণ ডাগআউটে সতীর্থদের সঙ্গে বসে থাকতেও দেখা যায় জোসেফকে। এর কিছুক্ষণ পর তিনি ফের মাঠে ফেরেন।
Gets angry! 😡
— FanCode (@FanCode) November 6, 2024
Bowls a wicket maiden 👊
Leaves 🤯
An eventful start to the game for Alzarri Joseph! 😬#WIvENGonFanCode pic.twitter.com/2OXbk0VxWt
মাঠে ফিরলেও সঙ্গে সঙ্গে অবশ্য বোলিংয়ের জন্য ডাক পাননি জোসেফ। তিনি ইংল্যান্ড ইনিংসের দ্বাদশ ওভারে ফের বল করতে যান। টস জিতে ফিল্ডিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান তুলেছিল। জোসেফ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন।
ম্যাথু ফোর্ড ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিনটি এবং রোমারিও শেফার্ড ১টি মেডেন-সহ ৬.১ ওভারে ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে ৪৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ব্র্যান্ডন কিং ১১৭ বলে ১০২ রান করেন। তিনে নেমে কেসি কার্টি ১১৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কিং। ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা ফোর্ড। ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।












Click it and Unblock the Notifications