AUS vs IND: মেলবোর্নে নজিরের দোরগোড়ায় ভারত, এমসিজিতে চারটি টেস্ট জয়ের নায়ক কারা?
AUS vs IND: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। চলতি সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামার আগে ভারতকে অনুপ্রাণিত করতে পারে এমসিজির পরিসংখ্যান।
২০১১ সালের পর এখানে অস্ট্রেলিয়া টেস্টে হারাতে পারেনি ভারতকে। ২০১৪ সালে ড্র। ২০১৮ ও ২০২০ সালে মেলবোর্ন টেস্ট জিতেছে ভারত। এমসিজিতে ভারত জিতেছে মোট চারটি টেস্ট।

১৯৭৮ ও ১৯৮১ সালে টানা মেলবোর্নে ভারত দুটি টেস্টে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু এমসিজিতে টেস্ট জয়ের হ্যাটট্রিক হয়নি। ২০১৮ ও ২০২০ সালে জেতার পর এবার সেই নজির গড়ার বড় হাতছানি রয়েছে ভারতের সামনে।
১৯৭৮ সালের মেলবোর্ন টেস্ট
মেলবোর্নে ভারত প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় ১৯৭৮ সালে। সেবার ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সিরিজের চতুর্থ টেস্ট। বিষেণ সিং বেদীর নেতৃত্বাধীন ভারত জেতে ২২২ রানে। টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৫৬ রানে।
শূন্য রানে সুনীল গাভাসকর ও চেতন চৌহান আউট হন। মোহিন্দর অমরনাথ ৭২ ও গুন্ডাপ্পা বিশ্বনাথ ৫৯ রান করেন। ওয়েন ক্লার্ক নেন চার উইকেট, জেফ থমসন ৩টি। জবাবে ক্রেগ সার্জেন্টের ৮৫ ও গ্যারি কোজিয়ারের ৬৭ রানে ভর করে অজিরা তোলে ২১৩। ৫২ রানে ৬ উইকেট নেন ভাগবৎ চন্দ্রশেখর। বেদী ও কারসন ঘাউড়ি নেন ২টি করে উইকেট।
এরপর সুনীল গাভাসকরের ১১৮ ও বিশ্বনাথের ৫৪ রান ভারতকে ৩৪৩ রানে পৌঁছে দিতে সাহায্য করে। ক্লার্ক নেন ৪ উইকেট। ৩৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শেষ ১৬৪ রানে। চন্দ্রশেখর নেন ছয় উইকেট, বেদী চারটি।
১৯৮১ সালের মেলবোর্ন টেস্ট
১৯৮১ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট মেলবোর্নে শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং নেয়। সুনীল গাভাসকরের নেতৃত্বাধীন ভারত ২৩৭ রান তোলে, যাতে গুন্ডাপা বিশ্বনাথের একারই ২২২ বলে ১১৪। ডেনিস লিলি চারটি ও লেন পাসকো তিন উইকেট দখল করেন।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৪১৯। অ্যালান বর্ডার ১২৪, ডগ ওয়াল্টার্স ৭৮ ও অধিনায়ক গ্রেগ চ্যাপেল ৭৬ রান করেন। দিলীপ দোশী নেন তিন উইকেট। ঘাউড়ি, শিবলাল যাদব ও সন্দীপ পাতিল ২টি করে উইকেট নেন। কপিলের ঝুলিতে যায় ১টি।
ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩২৪। ওপেনার চেতন চৌহান ৮৫ ও গাভাসকর ৭০ রান করেন। লিলি নেন চার উইকেট। পাসকো ও ব্রুস ইয়ার্ডলি নেন ২টি করে। ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নামা অস্ট্রেলিয়া ৮৩ রানে গুটিয়ে যায়। ভারতের জয় ৫৯ রানে। কপিল দেব ৫টি, ঘাউড়ি ও দোশী ২টি করে উইকেট নেন। ঘাউড়ি ও পাতিল বোলিং ওপেন করেন। ম্যাচের সেরা হন বিশ্বনাথ।
২০১৮ সালের মেলবোর্ন টেস্ট
১৯৮১ সালের পর মেলবোর্নে টেস্ট জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ২০১৮-র বক্সিং ডে টেস্ট পর্যন্ত। সেবার সিরিজের তৃতীয় টেস্ট ভারত জেতে ১৩৭ রানে। টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। চেতেশ্বর পূজারার ১০৬, অধিনায়ক বিরাট কোহলির ৮২ ও রোহিত শর্মার অপরাজিত ৬৩ রানে ভর করে ৭ উইকেটে ৪৪৩ তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।
প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক ২টি এবং জশ হ্যাজলউড ও নাথান লিয়ঁ ১টি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ১৫১ রানে। মার্কাস হ্যারিস ও অধিনায়ক টিম পেইন সর্বাধিক ২২ রান করেন। জসপ্রীত বুমরাহ ৩৩ রানে ৬টি, রবীন্দ্র জাদেজা ২টি, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ১টি করে উইকেট নেন।
এরপর ভারত ময়াঙ্ক আগরওয়ালের ৪২ ও ঋষভ পন্থের ৩৩ রানের দৌলতে ৮ উইকেটে ১০৬ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। প্যাট কামিন্স ৬টি উইকেট নেন ২৭ রান দিয়ে। ২টি উইকেট পান হ্যাজলউড। অজিদের টার্গেট ছিল ৩৯৯। কিন্তু দ্বিতীয় ইনিংস শেষ ২৬১ রানে। কামিন্স সর্বাধিক ৬৩ করেন। বুমরাহ ও জাদেজা তিনটি করে এবং ইশান্ত ও শামি ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন বুমরাহ।
২০২০ সালের মেলবোর্ন টেস্ট
২০২০ সালের বক্সিং ডে টেস্টে ভারত জেতে ৮ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ভারত সমতা ফিরিয়েছিল। নেতৃত্বে ছিলেন অজিঙ্ক রাহানে। পেইনের অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে ১৯৫ তোলে। মার্নাস লাবুশেন সর্বাধিক ৪৮ রান করেন। বুমরাহ চারটি, রবিচন্দ্রন অশ্বিন তিনটি, রবীন্দ্র জাদেজা ১টি ও মহম্মদ সিরাজ ২ উইকেট নেন।
ভারত প্রথম ইনিংসে তোলে ৩২৬। রাহানে করেন ১১২। জাদেজা করেন ৫৭। মিচেল স্টার্ক ও নাথান লিয়ঁ তিনটি করে উইকেট নেন। কামিন্স ২টি ও হ্যাজলউড ১টি উইকেট নেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ২০০। সর্বাধিক ৪৫ ক্যামেরন গ্রিনের। সিরাজ তিনটি, বুমরাহ, জাদেজা ও অশ্বিন ২টি করে এবং উমেশ যাদব ১টি উইকেট নেন।
ভারতের টার্গেট দাঁড়ায় ৭০। ১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত টেস্ট জিতে নেয়। শুভমান গিল ৩৫ ও রাহানে ২৭ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের সেরা হন রাহানে। স্টার্ক ও কামিন্স নেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications