AUS vs IND: পারথে এবং অস্ট্রেলিয়ায় সিরিজের শুরুতে ভারত টেস্ট জিতল দ্বিতীয়বার, বিরাটকে ছুঁলেন বুমরাহ
AUS vs IND: হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারি বোল্ড হতেই ২০১৮ সালের কীর্তি স্পর্শ করল ভারত। এই নিয়ে অস্ট্রেলিয়ায় কোনও সিরিজের প্রথম টেস্টেই ভারত জয় পেল দ্বিতীয়বার।
পারথেও এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট জিতল ভারত। ১৬ বছর পর। এর আগে ওয়াকায় জয় এসেছিল। এবার অপটাসেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথ ১-১ করল ভারত। পাঁচ টেস্টের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০-এ।

১৯৭৮ সালে ভারত প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট ভারত জেতে ২২২ রানে। এরপর সিডনিতে জয় এসেছিল ইনিংস ও ২ রানে। যদিও সেবার বিষেণ সিং বেদীর ভারত ২-৩ ব্যবধানে সিরিজ হেরে ফেরে।
১৯৮০-৮২-র অস্ট্রেলিয়া সফরে সুনীল গাভাসকরের ভারত ১-১ ব্যবধানে সিরিজ ড্র রেখে ফিরেছিল। সেবার ভারতের একমাত্র জয়টি এসেছিল সিরিজের তৃতীয় টেস্টে। মেলবোর্নে জয় ৫৯ রানে।
১৯৯৬ সাল থেকে শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। ১৯৯০-২০০০ সালের সফরে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত। ডাউন আন্ডারে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত প্রথম জয় পায় ২০০৩-০৪-এ।
সেবার চার টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। অ্যাডিলেডে ভারত একমাত্র জয়টি পেয়েছিল, সিরিজের দ্বিতীয় টেস্টে। স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ভারত পরাস্ত করে চার উইকেটে।
২০০৭-০৮-এ ভারত ১-২ ব্যবধানে সিরিজ হেরে ফিরেছিল। ২০০৮ সালে সিরিজের তৃতীয় টেস্টে পারথের ওয়াকায় জয় পেয়েছিল ভারত। অনিল কুম্বলের নেতৃত্বাধীন ভারত জিতেছিল ৭২ রানে। পারথে সেটিই ভারতের প্রথম টেস্ট জয়। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে এবং ২৮ ও ৪৬ রান করে ম্যাচের সেরা হন ইরফান পাঠান।
২০১১-১২ ও ২০১৪-১৫-র দুটি সফরেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট জিততে পারেনি। যদিও ২০১৮-১৯ ও ২০২০-২১-এর সফরে ভারত দুবারই ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল।
অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম টেস্ট ভারত প্রথমবার জেতে ২০১৮ সালের ডিসেম্বর। বিরাট কোহলির ভারত অ্যাডিলেডে জিতেছিল ৩১ রানে। এরপর সিরিজের তৃতীয় টেস্টে মেলবোর্নে জয় এসেছিল ১৩৭ রানে। সেবার এই সিরিজেই অপটাসে প্রথম টেস্ট হয়, যাতে জিতেছিল অস্ট্রেলিয়া।
২০২০-২১-এর সফরে বিরাট কোহলির নেতৃত্বে প্রথম টেস্টে ভারত হেরেছিল। বিরাট দেশে ফেরায় বাকি তিনটি টেস্টে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে জিতেছিল ৮ উইকেটে। এরপর ব্রিসবেন টেস্টে জয় এসেছিল ৩ উইকেটে।
আজ ভারত জিতল ২৯৫ রানে। অপটাস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম পরাজয়ের সাক্ষী থাকল অজিরা। রোহিত শর্মা পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। দ্বিতীয় টেস্ট থেকে তিনিই অধিনায়ক। একমাত্র টেস্টের অধিনায়ক হিসেবে জয় ছিনিয়ে নেওয়ার পরই স্মারক স্টাম্পের দখল নিতে ভুললেন না জসপ্রীত। অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম টেস্ট জেতার নিরিখে বিরাট কোহলির রেকর়্ডও ছুঁলেন তিনি।












Click it and Unblock the Notifications