AUS vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে অ্যাডিলেড ফেরানো লক্ষ্য ভারতের, বিরাটের কীর্তি স্পর্শের মুখে বুমরাহ
AUS vs IND: অস্ট্রেলিয়াকে পারথের অপটাস স্টেডিয়ামে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছে ভারত। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ভারতের লিড দেড়শো ছাড়িয়েছে, হাতে ১০ উইকেট।
ভারতীয় ব্যাটিং লাইন আপে বড় ধস না নামলে অজিদের সামনে বড় রানের টার্গেট দিতে চলেছে ভারত। অজিদের লড়তে হবে ম্যাচ বাঁচাতে।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সিংহভাগ জিতেছে অজিরা। সিরিজের প্রথম টেস্টও। ২০১৮ সালে সিরিজের প্রথম টেস্টে অজিদের পরাস্ত করেছিল ভারত। পারথে তাই অ্যাডিলেডের পুনরাবৃত্তি ঘটিয়ে বিরাট কোহলির নজির স্পর্শের হাতছানি অধিনায়ক জসপ্রীত বুমরাহর সামনে।
১৯৪৭ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারত। সেবার প্রথম টেস্টে ব্রিসবেনে অজিদের কাছে ভারত পরাস্ত হয়েছিল ইনিংস ও ২২৬ রানে। পাঁচ টেস্টের সিরিজ অজিরা জিতেছিল ৪-০ ব্যবধানে। ১৯৬৭ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত চারটি টেস্টেই হেরেছিল। সেবার অ্যাডিলেডে প্রথম টেস্টে অজিরা জেতে ১৪৬ রানে।
১৯৭৭ সালে ভারত ফের যায় অস্ট্রেলিয়ায়। সেবার অজিরা সিরিজ জেতে ৩-২ ব্যবধানে। প্রথম টেস্ট ব্রিসবেনে অস্ট্রেলিয়া জিতেছিল ১৬ রানে। সিরিজে ০-২-এ পিছিয়ে পড়ে ভারত পরপর ২টি টেস্টে জিতেছিল। মেলবোর্নে ২২২ রানে, সেটি অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টেস্ট জয়। এরপর সিডনিতে জয় ইনিংস ও ২ রানে।
১৯৮১ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমবার টেস্ট সিরিজ ড্র রেখে ফিরেছিল ভারত। সেবার প্রথম টেস্ট সিডনিতে অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ও ৪ রানে। পরের টেস্ট অ্যাডিলেডে ড্র হয়, ভারত জিতেছিল মেলবোর্নে তৃতীয় তথা শেষ টেস্ট।
১৯৮৫ সালে ভারত ফের যায় অস্ট্রেলিয়ায়। তিনটি টেস্টই ড্র হয়েছিল। প্রথম টেস্ট ছিল অ্যাডিলেডে। ১৯৯১ সালে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ায়। অজিরা জিতেছিল ৪-০-তে। প্রথম টেস্ট ব্রিসবেন অস্ট্রেলিয়া জেতে ১০ উইকেটে।
বর্ডার-গাভাসকর ট্রফি চালুর পর ভারত প্রথমবার টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ১৯৯৯ সালে। সেবার প্রথম টেস্ট অ্যাডিলেডে অস্ট্রেলিয়া জেতে ২৮৫ রানে। তিনটি টেস্টেই জিতেছিল অজিরা। ২০০৩ সালেও ভারত যায় অস্ট্রেলিয়া সফরে। ব্রিসবেনে প্রথম টেস্ট ড্র হয়। চার টেস্টের সিরিজের ফল ছিল ১-১।
২০০৭ সালে ফের ভারত গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। সেবার মেলবোর্নে প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জেতে ৩৩৭ রানে। চার টেস্টের সিরিজ অজিরা জেতে ২-১ ব্যবধানে। ২০১১ সালে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে চারটি টেস্টেই পরাস্ত হয়। মেলবোর্নে প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল ১২২ রানে।
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত চার টেস্টের সিরিজে হেরেছিল ০-২ ব্যবধানে। সেবার অ্যাডিলেডে প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল ৪৮ রানে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ ভারত জেতে ২-১ ব্যবধানে। ডাউন আন্ডারে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।
প্রথম টেস্টটি হয়েছিল অ্যাডিলেডে। বিরাট কোহলির ভারত জেতে ৩১ রানে। ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ২৫০, অজিরা থামে ২৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩০৭। অস্ট্রেলিয়া ২৯১ রানে গুটিয়ে গিয়েছিল। ১২৩ ও ৭১ রান করে ম্যাচের সেরা হন চেতেশ্বর পূজারা।
২০২০ সালেও অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত চার টেস্টের সিরিজ জেতে ২-১ ব্যবধানে। যদিও সেবার প্রথম টেস্ট অ্যাডিলেডে অস্ট্রেলিয়া জিতেছিল ৮ উইকেটে।












Click it and Unblock the Notifications