AUS vs IND: পারথে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক স্কোর কাদের? বড় রান তাড়া করে অস্ট্রেলিয়ার সেরা জয়গুলিতে নজর
AUS vs IND: পারথের অপটাস স্টেডিয়ামের পিচে ব্যাটিং করা আপাতত সহজ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার শেষ তিনটি উইকেট তুলতে প্রথম সেশন লেগে যায় ভারতের।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনও উইকেট পড়েনি। ভারত অস্ট্রেলিয়াকে বড় রানের টার্গেটই দিতে চলেছে।

পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া চারটি টেস্টই জিতেছে প্রথমে ব্যাট করে। এবারই অজিদের শক্ত পরীক্ষায় লড়াই চালাতে হচ্ছে পয়া স্টেডিয়ামে। পারথের ওয়াকায় ভারতের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও শেষ অবধি টেস্ট ২ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া, ১৯৭৭ সালে।
সেই টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন বিষেণ সিং বেদী, অস্ট্রেলিয়ার বব সিম্পসন। ভারতের ৪০২ রানের জবাবে অজিরা তোলে ৩৯৪। ভারত ৯ উইকেটে ৩৩০ তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। অজিদের জয়ের টার্গেট ছিল ৩৩৯। ৮ উইকেটে ৩৪২ তুলে ম্যাচ জিতেছিল অজিরা।
নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান তাড়া করে অজিদের টেস্ট জয়ের নজির সেটিই। তবে এবার টার্গেট আরও বেশিই হতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ম্যাচ বাঁচানোরই লড়াই চালাতে হতে পারে। যে কাজটি মোটেই সহজ হবে না।
টেস্ট ক্রিকেটে চারশোর বেশি রান তাড়া করে জয় এসেছে ৪ বার। ২০০৪ সালে অ্যান্টিগায় ৪১৮ রানের টার্গেট সফলভাবে তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০৮ সালে পারথের ওয়াকায় ৪১৪ রানের টার্গেট তাড়া করে অজিদের পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা।
১৯৪৮ সালে হেডিংলিতে ৪০৪ রানের টার্গেট তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৭৬ সালে কুইন্স পার্ক ওভালে ৪০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার টেস্ট জয় এসেছিল ১৯৯৯ সালে। সেবার হোবার্টের বেলেরিভ ওভালে ৩৬৯ রানের টার্গেট তাড়া করে পাকিস্তানকে হারায় অজিরা। ১৯৭৮ সালে জর্জটাউনে ৩৫৯ রানের টার্গেট সফলভাবে তাড়া করেছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
অপটাস স্টেডিয়ামে টেস্ট ম্য়াচের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৩৩ রান এখনও অবধি সর্বাধিক। ২০২২ সালে দ্বিতীয় ইনিংসে এই রান তুলেও ১৬৪ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ, টার্গেট ছিল ৪৯৮ রানের। ২০১৮ সালে অপটাস স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সর্বাধিক ২৪৩ করেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্ট ১৪৬ রানে জেতে অজিরা।
চলতি টেস্টে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১০৪ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে শেষ পাওয়া খবরে ভারতের স্কোর ৩২ ওভারে বিনা উইকেটে ৯০। লিড ১৩৬ রানের। হাতে ১০ উইকেট। যশস্বী জয়সওয়াল ১০৮ বলে ৪৪ ও লোকেশ রাহুল ৮৭ বলে ৩৭ রানে ব্যাট করছেন। ছয় বোলারও প্রভাব বিস্তার করতে পারেননি এখনও অবধি।












Click it and Unblock the Notifications