নাগপুর টেস্টে তিন ক্রিকেটারের অভিষেক, ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার
নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলে সূর্যকুমার যাদব ও কেএস ভরত এবং অস্ট্রেলিয়া দলে টড মার্ফির অভিষেক।
আজ থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। শেষ তিনটি সিরিজেই ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তার মধ্যে দুটি অস্ট্রেলিয়ায় গিয়ে। আজ নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া। টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সূর্য, ভরতের অভিষেক
এই টেস্টে তিনজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে। সাদা বলের ক্রিকেটে বিধ্বংসী মেজাজে থাকা সূর্যকুমার যাদব আজ প্রথম টেস্ট খেলবেন। ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হলো শ্রীকার ভরতকেই। সূর্য থাকায় পন্থ যেমন আগ্রাসী ব্যাটিং করেন, সেটি টি ২০-তে বিশ্বের ১ নম্বর ব্যাটারকে দিয়ে করাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া ভারতের দিকে ছুড়ে দিচ্ছে নয়া স্পিনারকে সামলানোর চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট খেলবেন টড মার্ফি। সূর্য ও ভরতের হাতে রবি শাস্ত্রী এবং মার্ফির হাতে নাথান লিয়ঁ টেস্ট ক্যাপ তুলে দেন।

পিচ কেমন?
পিচ রিপোর্ট দিতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকার জানান, উইকেট শুষ্ক ও অমসৃণ। পিচে সামান্য ঘাস থাকলেও ইতিমধ্যেই বেশ কিছু ফাটল দেখা যাচ্ছে। বাঁহাতি স্পিনাররা এই পিচে বাঁহাতি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। ম্যাথু হেডেন উইকেট দেখে বলেই দিলেন, এই টেস্ট চার দিনেই শেষ হয়ে যেতে পারে। ফাস্ট বোলারদের হার্ড লেংথ ও স্পিনারদের গুড লেংথে পিচের রংয়ের ফারাকও দেখিয়েছেন হেডেন। ভিসিএ স্টেডিয়ামের উইকেট যে টার্নার, তা নিয়ে অপেক্ষার অবকাশ নেই।

তিন স্পিনারে ভারত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত যদি চারটির মধ্যে তিনটিতে জেতে তাহলে অন্য ফলাফলের দিকে তাকাতে হবে। অস্ট্রেলিয়ার দরকার একটি ড্র। এই পরিস্থিতিতে দেশের মাটিতে টার্নিং ট্র্যাকের অ্যাডভান্টেজই নিতে চাইছে ভারত। ভারত খেলতে নেমেছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে। শুভমান গিলকে খেলানো হচ্ছে না, বাংলাদেশে ভালো বোলিং করলেও সম্ভবত ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই দলে নেই কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন- এই তিন স্পিনারের সঙ্গে দুই সিমার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি।

টস জিতল অস্ট্রেলিয়া
টস জেতার ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড ধরে রেখে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান, বেঙ্গালুরুতে ভালোই প্রস্তুতি নিয়েছি। আমরা খেলার জন্য মুখিয়ে রয়েছি। শেষ টেস্টের দলে দুটি পরিবর্তন এসেছে। অ্যাশটন অ্যাগারের জায়গায় অভিষেক টড মার্ফির। পিটার হ্যান্ডসকম্ব দলে এসেছেন ট্রাভিস হেডের জায়গায়। উল্লেখ্য, দলে বাঁহাতিদের সংখ্যা কমাতেই অজিদের হ্যান্ডসকম্বকে খেলানোর পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। রোহিত শর্মা বলেন, অল্প রানেই প্রতিপক্ষকে বেঁধে ফেলা আমাদের লক্ষ্য। এই উইকেটে স্পিনাররা সাহায্য পাবেন। দেখতে হবে তা কতটা। গতকাল অনুশীলনের সময় পেসারদের সিম মুভমেন্টও দেখেছি। ৫-৬ দিন এখানে আমরা ভালোভাবেই অনুশীলন সেরেছি। সিরিজের গুরুত্ব সম্পর্কে সকলেই সচেতন। একইসঙ্গে দরকার একেকটা সেশন নিজেদের পক্ষে রাখা।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকার ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া- উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, নাথান লিয়ঁ, টড মার্ফি












Click it and Unblock the Notifications