AUS vs IND: শেষ সেশনে ৭ উইকেট! মেলবোর্নে ১৩ বছর পর টেস্ট হারল ভারত, সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
AUS vs IND: মেলবোর্নে ১৩ বছর পর টেস্টে হারল ভারত। তৃতীয় সেশনের পুরোটাও লাগল না রোহিত শর্মার দলের শেষ ৭টি উইকেট তুলে নিত।
পাঁচ টেস্টের সিরিজে ভারতের বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিডনিতে নিউ ইয়ার টেস্টে বর্ডার-গাভাসকর ট্রফির দখল নেওয়ার লক্ষ্যে নামবেন প্যাট কামিন্সরা। ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেল।

ভারতের সামনে জয়ের জন্য ৩৪০ রানের টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফেরা যশস্বী জয়সওয়াল সর্বাধিক ৮৪ রান করেন। ২০৮ বলের ইনিংসে রয়েছে ৮টি চার। ঋষভ পন্থ ১০৪ বল খেলে ৩০ রান করেন, মেরেছেন ২টি চার।
ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথম তিনটি উইকেট পড়েছিল প্রথম সেশনে। রোহিত শর্মা ৯, লোকেশ রাহুল ০ ও বিরাট কোহলি ৫ রান করেন। দ্বিতীয় সেশনে একটিও উইকেট হারাতে হয়নি ভারতকে। তবে তৃতীয় সেশনে ফের ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে।
একে একে ফিরে যান পন্থ, রবীন্দ্র জাদেজা (১৪ বলে ২), নীতীশ কুমার রেড্ডি (৫ বলে ১), আকাশ দীপ (১৭ বলে ৭)। ৭৬.১ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫০। ৭৮.৩ ওভারে জসপ্রীত বুমরাহ ৮ বলে ০ রান করে স্টিভ স্মিথের হাতে স্লিপে ক্যাচ দেন।
ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৭৯.১ ওভারে ১৫৫ রানে। মহম্মদ সিরাজ ২ বলে ০ রানে নাথান লিয়ঁর শিকার হতেই মেলবোর্ন টেস্টে যবনিকা পতন ঘটে। ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ৪৫ বলে ৫ রানে। ২ জন ছাড়া ভারতের কোনও ব্যাটার দ্বিতীয় ইনিংসে ২ অঙ্কের রান পেলেন না।
প্যাট কামিন্স পাঁচটি মেডেন-সহ ১৮ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নিলেন। স্কট বোল্যান্ড তিনটি উইকেট নিলেন, সাতটি মেডেন-সহ ১৬ ওভারে ৩৯ রান দিয়ে। নাথান লিয়ঁর ২০.১ ওভারে ৬টি মেডেন, ৩৭ রান দিয়ে নিলেন ২ উইকেট।
ট্রাভিস হেড ৫ ওভারে ১৪ রান দিয়ে একটি উইকেট পেলেন। মিচেল স্টার্ক ১৬টির মধ্যে ৮টি মেডেন ওভার করেছেন। ২৫ রান দিয়ে তিনি নিয়েছেন ১টি উইকেট। ২০২০ সালে ভারতের কাছে হারার পর থেকে এমসিজিতে অজিদের এটি টানা চতুর্থ জয়।
ভারত ২০১১ সালে অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্ন টেস্টে হেরেছিল ১২২ রানে। তাতে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে ২০১৪ সালে এমসিজি টেস্ট ড্র রাখে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ভারত কখনও মেলবোর্নে টেস্ট হারেনি। ২০১৮ সালে জেতে ১৩৭ রানে। ২০২০ সালে ভারতকে মেলবোর্ন টেস্টে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। সেই টেস্টে ভারত জিতেছিল ৮ উইকেটে।












Click it and Unblock the Notifications