AUS vs IND: সৌরভ ও বিরাটের কীর্তি স্পর্শের হাতছানি রোহিতের সামনে, অ্যাডিলেডে ভারত কতবার টেস্ট জিতেছে?
AUS vs IND: ডিসেম্বরের ৬ তারিখ থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। চার বছর আগে অ্যাডিলেড ওভালে ভারতের সঙ্গী হয়েছিল একরাশ লজ্জা।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এবার অধিনায়ক রোহিত শর্মার সামনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির নজির স্পর্শের হাতছানি।

অস্ট্রেলিয়া অ্যাডিলেডে খেলেছে ৮২টি টেস্ট, তার মধ্যে জিতেছে ৪৫টিতে, হার ১৮টিতে, ড্র ১৯টি। ভারত এই নিয়ে চতুর্দশ টেস্ট খেলতে নামবে অ্যাডিলেড ওভালে। এর আগে, এখানে ১৩টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২টিতে, হার ৮টিতে, ড্র হয়েছে তিনটি ম্যাচ।
অ্যাডিলেডে ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৪৮ সালে, সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস ও ১৬ রানে। এরপর ১৯৬৭ সালে অ্যাডিলেডে ভারতকে ১৪৬ রানে হারিয়েছিল অজিরা। ১৯৭৮ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাস্ত হয় ৪৭ রানে। ১৯৮১ ও ১৯৮৫ সালে অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ড্র হয়।
১৯৯২ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া ৩৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের বিরুদ্ধে। ১৯৯৯ সালে এখানে ভারতকে অজিদের কাছে হারতে হয়েছিল ২৮৫ রানে। অ্যাডিলেডে প্রথমবার ভারত টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ২০০৩ সালে।
সেই টেস্টে রিকি পন্টিংয়ের ২৪২ রানে ভর করে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছিল। রাহুল দ্রাবিড়ের ২৩৩ ও ভিভিএস লক্ষ্মণের ১৪৮ রানে ভর করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত প্রথম ইনিংসে তোলে ৫২৩।
অজিত আগরকর ৪১ রানে ৬ উইকেট নেওয়ায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানে গুটিয়ে যায়। ভারত ৬ উইকেট হারিয়ে ২৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায়। দ্রাবিড় দ্বিতীয় ইনিংসে ৭২ রানে অপরাজিত ছিলেন, ম্যাচের সেরাও হন। ২০০৮ সালে অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ড্র হয়ে গিয়েছিল।
২০১২ সালের সফরে গিয়ে অ্যাডিলেড টেস্টে ভারত পরাস্ত হয় ২৯৮ রানে। ২০১৪ সালে ফের পরাজয়, এবার ৪৮ রানে। ২০১৮ সালে অ্যাডিলেডে ভারত সিরিজের প্রথম টেস্ট খেলেছিল। সেই টেস্টটি জিতেছিল ৩১ রানে। ম্যাচের সেরা হয়েছিলেন চেতেশ্বর পূজারা।
প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের মধ্যে ১২৩ রানই ছিল পূজারার। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে থামে ২৩৫ রানে। জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন নেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট দখল করেন মহম্মদ শামি ও ইশান্ত শর্মা।
ভারত দ্বিতীয় ইনিংসে পূজারার ৭১, অজিঙ্ক রাহানের ৭০ রানে ভর করে তোলে ৩০৭। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ছিল ৩২৩ রানের। বুমরাহ, অশ্বিন ও শামি তিনটি করে উইকেট তুলে নিয়ে অজিদের থামিয়ে দেন ২৯১ রানেই। ২০২০ সালে অ্যাডিলেড ওভালে প্রথমবার ভারত ও অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট খেলে। সেই টেস্ট অজিরা জিতেছিল ৮ উইকেটে।












Click it and Unblock the Notifications