BGT 2023: বিরাট কোহলির টেস্টের ফর্ম কেন চিন্তায় রাখছে? স্পিনারদের মোকাবিলাতেই কি মিলবে সাফল্যের পথ?
বিরাট কোহলি গত তিন বছরে টেস্টে নিজের ব্যাটিং গড়কে ৩০-এ নিয়ে যেতে পারেননি। প্রকট হয়েছে স্পিন খেলার দুর্বলতা। তবু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কোহলিই ভারতের বিরাট ভরসা।
বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে বিরাট কোহলির ফর্মের উপর। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে তিনি ভালো ফর্মেই ব্যাটিং করেছেন। যদিও ডিসেম্বরে বাংলাদেশ সফরেও টেস্টে সফল হননি কিং কোহলি। স্পিন খেলতে গিয়েও সমস্যা প্রকট হচ্ছে।

চিন্তা টেস্টের ফর্ম নিয়ে
২০২০ সাল থেকে বিরাট কোহলি ২০টি টেস্টে ৯১৭ রান করেছেন। গড় ২৬.২০। বিরাট কোহলির মতো ব্যাটারের ক্ষেত্রে যা একেবারেই মানানসই নয়। গত তিন বছরে একবারও টেস্টে বিরাটের ব্যাটিং গড় ৩০ ছুঁতে পারেনি। ২০১২ থেকে ২০১৯ অবধি বিরাটের টেস্টে ব্যাটিং গড় ৪০-এর নীচে নামেনি। সেখানে গত তিন বছরের পারফরম্যান্সের জেরে টেস্টে তাঁর সামগ্রিক ব্যাটিং গড় নেমে এসেছে ৫০-এর নীচে। ২০১১ সালে বিরাট ২০২ রান করেছিলেন, গড় ছিল ২২.৪০, একটিও শতরান পাননি। তারপর ২০১৯ অবধি এমন কোনও বছর যায়নি যেখানে টেস্ট শতরান আসেনি কিং কোহলির ব্যাটে।

২০১১ থেকে ২০১৯ অবধি সুসময়
২০১২ সালে ৬৮৯ রান করেন ৪৯.২১ গড়ে, ৩টি শতরান পান। ২০১৩ সালে ২টি শতরান-সহ ৬১৬ রান করেন, গড় ছিল ৫৬। ২০১৪ সালে চারটি শতরান-সহ ৮৪৭ রান করেন, ব্যাটিং গড় ৪৪.৫৭। ২০১৫ সালে ২টি শতরান-সহ ৪২.৬৬ গড় রেখে ৬৪০ রান করেন। ২০১৬ সালে চারটি টেস্ট শতরান-সহ ৭৫.৯৩ গড় রেখে কোহলি ১২১৫ রান করেছিলেন। পরের বছর ১০৫৯ রান করেন, গড় ছিল ৭৫.৯৬, পাঁচটি শতরান হাঁকান। ২০১৮ সালে বিরাট করেন ১৩২২ রান, গড় ৫৫.০৮, পাঁচটি শতরান রান। ২০১৯ সালে ২টি শতরান-সহ ৬১২ রান করেছিলেন, গড় ছিল ৬৮।

২০২০ থেকে গ্রাফ নিম্নগামী
২০২০ সালে টেস্টে বিরাট করেন ১১৬ রান, তাঁর ব্যাটিং গড় কমে দাঁড়ায় ১৯.৩৩-এ। ২০২১ সালে ২৮.২১ গড় রেখে বিরাট ৫৩৬ রান করেছিলেন। ২০২২ সালে তিনি করেন ২৬৫ রান, গড় ছিল ২৬.৫০। বিরাট কোহলির শেষ টেস্ট শতরানটি এসেছিল ২০১৯ সালে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। এরপর তাঁর আন্তর্জাতিক ক্রিকেটেও শতরানের খরা চলছিল। যা কাটে গত বছর। চলতি বছরও বিরাট সাদা বলের ক্রিকেটে শতরান পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর যা পারফরম্যান্সের খতিয়ান রয়েছে, তাতে নতুন বছরে চারটি টেস্টে বিরাটের ব্যাটে শতরানের খরা কাটার আশায় ভক্তরা।

স্পিন মোকাবিলায় সমস্যা
বিরাট কোহলিকে আসন্ন সিরিজে সামলাতে হবে স্পিন খেলার দুর্বলতা। বাংলাদেশে তিনি চার ইনিংসে ৪৫ রানের বেশি করতে পারেননি, গড় ছিল ১৫। সাদা বলের ক্রিকেটে স্পিন খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন কোহলি। দেখা যাচ্ছে, ২০২২ সাল থেকে স্পিনারদের বিরুদ্ধে তাঁর গড় নেমেছে ২৮-এ, যেখানে কেরিয়ার গড় ৬০.৮৭। ২০১১ থেকে ২০১৯ অবধি টেস্টে স্পিনারদের ব্যাটিং গড় ৬৯.৮৪। ২০১১ থেকে ২০১৯ অবধি স্পিনারদের বিরুদ্ধে কোহলির স্ট্রাইক রেট ছিল ৬০.০৪, সেটিও ২০২০ সালের পর নেমে এসেছে ৪৬.০৯-এ। সে কারণেই নাথান লিয়ঁ-সহ অজি স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিংয়ের পরামর্শ দিচ্ছেন প্রাক্তনরা।












Click it and Unblock the Notifications