লাবুশানে-স্মিথ জুটিতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়া, নাগপুর টেস্টে ভারতীয় পেসারদের দাপটে ব্যর্থ ওপেনাররা
নাগপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ২ রানের মাথায় ২ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেটে ৭৬ রানে দলকে পৌঁছে দিলেন মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।
নাগপুর টেস্টে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ভিসিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৩২ ওভারে ২ উইকেটে ৭৬। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা ১ রানের বেশি করতে পারেননি। এরপর দলের হাল ধরেছেন মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।

তিন স্লিপ ও একটি গালি রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং ওপেন করেন মহম্মদ শামি। প্রথম ওভারে আসে ২ রান। টেস্টের দ্বিতীয় ওভারে, নিজের প্রথম বলটি করতে গিয়েই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। উসমান খোয়াজাকে প্রথমে লেগ বিফোর দেননি আম্পায়ার নীতিন মেনন। ভারত ডিআরএসের দ্বারস্থ হয়। সঠিক সিদ্ধান্তেই অজি ইনিংসে প্রথম আঘাতটি হানেন সিরাজ। খোয়াজা ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এই ওভারটি ছিল উইকেট মেডেন।
এরপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রাউন্ড দ্য উইকেট বোলিং করে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে পাঠান মহম্মদ শামি। ভারতীয় স্পিনারদের সামলাতে ডান হাতে ব্যাট করার পরিকল্পনা করেছিলেন ওয়ার্নার। কেন না, মনে করা হচ্ছে এই উইকেটে বাঁহাতিদের ব্যাট করাটা বেশ শক্ত। সে কারণেই অন্যরকম ভাবনা ছিল ওয়ার্নারের। যদিও আজ অভিজ্ঞ অজি ওপেনার ক্লিন বোল্ড হয়ে যান। ৫ বলে ১ রান করেন ওয়ার্নার। ২.১ ওভারে ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল।
প্রথম ১ ঘণ্টায় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৩ ওভারে ২ উইকেটে ২৯। পেসাররা ১০ ওভার বল করেছেন। শামি ও সিরাজ দুজনেই ৫ ওভার করে হাত ঘুরিয়েছেন। বাকি ২২ ওভার করেছেন স্পিনাররা। শামি ২টি মেডেন-সহ ৫ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নেন। সিরাজের ৫ ওভারে ৩ মেডেন, ১৩ রান দিয়ে তাঁর ঝুলিতে ১ উইকেট। রবীন্দ্র জাদেজা ৯ ওভার বল করেছেন, ৬টি মেডেন, ১৪ রান দিয়েছেন। অক্ষর প্যাটেল ৮ ওভার হাত ঘোরান, মেডেন ৩টি, ১১ রান দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ৫ ওভারে ১৮ রান খরচ করেন। প্রথম সেশনে ভারতীয় স্পিনারদের ঝুলিতে কোনও উইকেট আসেনি। ৮টি চারের সাহায্যে লাবুশানে ১১০ বলে ৪৭ ও তিনটি বাউন্ডারির সৌজন্যে স্মিথ ৭৪ বলে ১৯ রান করে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে এই টেস্টে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব ও শ্রীকার ভরতের। অস্ট্রেলিয়ার স্পিনার টড মার্ফি নাগপুরেই কেরিয়ারের প্রথম টেস্ট খেলছেন।












Click it and Unblock the Notifications