ভারতের টেস্ট দলে কার অভিষেক চান সচিন? হরভজনের পছন্দের একাদশে নেই রাহুল!
নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে কাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ভারতের প্রথম একাদশে সূর্যকুমার যাদবকে দেখতে চান সচিন তেন্ডুলকর ও হরভজন সিং। ভাজ্জির একাদশে নেই লোকেশ রাহুল!
কাল থেকে নাগপুর টেস্ট। ২০১৭ সালের পর এই প্রথমবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত। রোহিত শর্মার একাদশে কে থাকবেন আর কার ঠাঁই হবে না, তা নিয়ে তুঙ্গে জল্পনা। সচিন তেন্ডুলকর ও হরভজন সিং মনে করেন, টেস্ট দলে খেলার পক্ষে উপযুক্ত সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদব সাদা বলের ক্রিকেটে বিধ্বংসী ফর্ম তো দেখিয়েছেনই, রঞ্জিতে মুম্বইয়ের হয়ে খেলতে নেমেও রান পেয়েছেন। এরপরই তাঁকে নেওয়া হয়েছে ভারতের টেস্ট দলে। নাগপুরে টেস্ট অভিষেক হবে কিনা তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকর মনে করেন, সূর্য টেস্ট দলে সুযোগ পাওয়ার যথেষ্ট উপযুক্ত। সচিনের কথায়, টি ২০, একদিনের আন্তর্জাতিকের পাশাপাশি এবার টেস্ট দলে জায়গা করে নিয়ে সূর্যকুমার বিশ্ব ক্রিকেটে নিজের সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁর দক্ষতা, খেলা সংক্রান্ত ভাবনায় সকলেই মুগ্ধ হয়ে যেতে বাধ্য।
সচিন আরও বলেন, টেস্ট ক্রিকেট কিছুটা আলাদা। যদিও সূর্যর মধ্যে টেস্ট খেলার সবরকম গুণই রয়েছে। শুভমান গিল, লোকেশ রাহুলের সঙ্গে তাঁকেও খেলানোর কথা ভাবা উচিত। সকলেই যোগ্য। কাকে খেলানো হবে তা নিয়ে নিজের মত চাপাতে চাইছি না। তিনজনই দলে থাকার উপযুক্ত। এর পাশাপাশি বিরাট কোহলির ফর্মেরও প্রশংসা করে মাস্টার ব্লাস্টার বলেন, যেভাবে বিগত কয়েক মাস ধরে সচিন খেলছেন তা দেখে আমার খুবই ভালো লেগেছে। ভালো কিছু করার জেদ তাঁর মধ্যে দেখেছি। নিজের লক্ষ্যপূরণে সুনির্দিষ্ট থেকে নিজেকে দারুণভাবে মেলে ধরেন।
এদিকে, রবি শাস্ত্রীর মতো হরভজন সিংও মনে করেন সূর্যকে ভারতের একাদশে রাখা হোক। সহ অধিনায়ক লোকেশ রাহুলকে নিজের পছন্দের একাদশে রাখেননি ভাজ্জি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেছে নেওয়া সম্ভাব্য একাদশ এরকম- রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। হরভজন সিংয়ের একাদশে দেখা যাচ্ছে না ঈশান কিষাণকে। ভারতের প্রাক্তন উইকেটকিপার দীপ দাশগুপ্তও সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত ব্যক্ত করেছেন। তিনিও ঈশান কিষাণের চেয়ে উইকেটকিপার হিসেবে এগিয়ে রেখেছেন ভরতকে। তার অন্যতম কারণ, ভরত টেস্ট দলের সঙ্গে প্রায় দেড় বছর ধরে রয়েছেন। তাই তাঁরই টেস্ট অভিষেক চান দীপ।












Click it and Unblock the Notifications