RCB অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সেরা আইপিএল ইনিংস কোনগুলি?
RCB অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সেরা আইপিএল ইনিংস কোনগুলি?
করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে রবিবার। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আজ সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে দলের অধিনায়ক বিরাট কোহলির বড় ঘোষণা ক্রিকেট মহলে আলোড়ন ফেলে দিয়েছে। চলতি মরসুমের পর আরসিবির অধিনায়কের দায়িত্ব ছাড়বেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। সেই আবহে অধিনায়ক হিসেবে আরসিবি-র সেরা আইপিএল ইনিংসগুলি দেখে নেওয়া যাক।

পাঞ্জাব কিংসের বিরদ্ধে ১১৩ রান
২০১৬ সালের আইপিএলে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টে সাড়ে নশোরও বেশি রান হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন আরসিবি অধিনায়ক। চারটি শতরান এসেছিল কোহলির ব্যাট থেকে। আইপিএলের ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের অন্তর্গত পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) বিরুদ্ধে এক ম্যাচে ৫০ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট। ১২টি চার ও আটটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ৮২ রানে ওই ম্যাচ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১০৯
২০১৬ সালের আইপিএলেই ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলেছিল আরসিবি। সৌজন্যে এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির ২২৯ রানের রেকর্ড ভেঙে দেওয়া পার্টনারশিপ। ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এবিডি। ৫৫ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস এসেছিল বিরাটের ব্যাট থেকে। পাঁচটি চার ও আটটি ছক্কা হাঁকিয়েছিলেন আরসিবি অধিনায়ক। জবাবে ১০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল গুজরাত লায়ন্স। ১৪৪ রানে ম্যাচ জিতেছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কেকেআরের বিরুদ্ধে ১০০
২০১৯ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সকে তাদেরই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর। সৌজন্যে অধিনায়ক বিরাট কোহলির অনবদ্য শতরান। ওই ম্যাচে ৫৮ বলে ১০০ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন বিরাট। ৯টি চার ও চারটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছিল আরসিবি। জবাবে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানে আটকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬০৭৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। আইপিএলে পাঁচটি শতরান ও ৪০টি অর্ধশতরান হাঁকিয়েছেন আরসিবি অধিনায়ক। সর্বোচ্চ স্কোর ১১৩। উল্লেখযোগ্যভাবে আইপিএলে চারটি উইকেটও নিয়েছেন বিরাট। ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচ খেলে ৯৭৩ রান হাঁকিয়ে তিনি কমলা টুপি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। টুর্নামেন্টের এক সংস্করণে এত রান করার রেকর্ড অন্য কোনও ব্যাটসম্যানের ঝুলিতে নেই।












Click it and Unblock the Notifications