Manoj Tiwary: মনোজ তিওয়ারি চান রঞ্জি ট্রফি তুলে দেওয়া হোক! কেরল ম্যাচের মধ্যেই আনলেন চাঞ্চল্যকর অভিযোগ
Manoj Tiwary: রঞ্জি ট্রফি তুলে দেওয়া হোক। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি এমনই চাঞ্চল্যকর দাবি জানালেন। প্রথমে ইনস্টাগ্রামে বিস্ফোরক পোস্ট করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী।
এরপর রাত ৯টায় ফেসবুক লাইভে এসে তাঁর চাঞ্চল্যকর পোস্ট নিয়ে বিস্ফোরক তথ্যও দিলেন। কেরলের বিরুদ্ধে মরণ-বাঁচন অ্যাওয়ে ম্যাচ খেলছে বাংলা। কাল এই ম্যাচের তৃতীয় দিন। তার মধ্যেই মনোজের বিস্ফোরণ প্রধানত আম্পায়ারিং-সহ কিছু বিষয়ে।

যেহেতু একটি রঞ্জি ম্যাচ চলছে তার মধ্যে বোর্ডের আচরণবিধি প্রসঙ্গে অনেক কিছু প্রকাশ্যে বলা যায় না। মনোজ আবার বাংলার অধিনায়ক। ফলে ফেসবুক লাইভে তিনি বিস্তারিত তথ্য এদিন দেননি। কিন্তু রঞ্জি ট্রফির গরিমা অটুট রাখতে যে বেশ কিছু পরিবর্তন ছাড়া তা সম্ভবপর হবে না সেটা স্পষ্ট করেছেন মনোজ।
কেরলের থুম্বায় চলছে বাংলা-কেরল ম্যাচ। যা তিরুঅনন্তপুরম শহরের বাইরে। শহরে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সেখানে এই ম্যাচটি কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। মনোজের দাবি, কেরল অধিনায়ক সঞ্জু স্যামসন নিজেও অবাক। তিনি মনোজকে বলেছেন পাঁচ বছরে ওখানে একটি ম্যাচ দেওয়া হয়।
যে মাঠে খেলতে হচ্ছে সেখানে এক ড্রেসিংরুমের কথা অন্য ড্রেসিংরুম থেকে শোনা যায়। এতে দলের রণকৌশল তৈরিতেও সমস্যা হচ্ছে। পরিকাঠামোও যে বেশ খারাপ তা বুঝিয়ে দিয়েছেন মনোজ। কেরলের ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা ৮ উইকেটে ১৭২ রান তুলে ধুঁকছে। জয়ের আশা যে বাংলা করছে না তাও মনোজের কথায় স্পষ্ট।
মনোজ এদিন জানিয়ে দিয়েছেন, যে পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় করেছেন তা নিয়ে বিস্তারিতভাবে মুখ খুলবেন ইডেনে বিহার ম্যাচ খেলে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর। অনেকে বিসিসিআইয়ের গুডবুকে থাকতে যে বিভিন্ন বিষয় দেখেও নীরব থাকেন, সেই দলে নিজেকে রাখতে চান না মনোজ।
Ranji trophy should be scrapped off from the calendar from the next season onwards. So many things going wrong in the tournament. So many things need to looked into in order to save this prestigious tournament which has a rich history. It’s losing its charm and importance.…
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 10, 2024
মনোজের কথায়, আগে ভারতীয় দলে সুযোগের ক্ষেত্রে রঞ্জি-সহ প্রথম শ্রেণির ক্রিকেটের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হতো। এখন আইপিএলে কেউ ভালো খেললেই তাঁকে টানা সুযোগ দেওয়া হয়। পরিস্থিতির কারণে এমনটা করা হলেও মনোজ মনে করেন, ভারতীয় দলে সুযোগের মাপকাঠি হওয়া উচিত রঞ্জি ট্রফি।
মনোজ আজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, আগামী মরশুম থেকেই রঞ্জি ট্রফি বন্ধ করে দেওয়া উচিত। এই টুর্নামেন্টে অনেক কিছুই চলছে যা সঠিক নয়। এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের গরিমা অক্ষত রাখতে অনেক কিছু বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন। রঞ্জি ট্রফির ঔজ্জ্বল্য ও গুরুত্ব ক্রমে কমেই চলেছে। যা দেখে হতাশ লাগছে।
সূত্রের খবর, মনোজের অসন্তোষ আরও বেড়ে গিয়েছে আম্পায়ারিংয়ের মান দেখে। কেরল দলের এক ক্রিকেটার খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। আম্পায়ার প্রণব যোশী ও সুন্দরম রবির বেশ কিছু সিদ্ধান্ত বাংলার বিপক্ষে গিয়েছে। কিছু বিষয়ে অভিযোগ করেও প্রত্যাশিত ফল মেলেনি।
মনোজ সাফ জানিয়ে দিয়েছেন, বিসিসিআইয়ের আচরণবিধি মেনে তিনি বিস্তারিতভাবে কিছু বলছেন না। পরে নিশ্চিতভাবেই বলবেন। তাতে তাঁর বিরুদ্ধে যে কোনও ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করা হলেও সমস্যা নেই। এরই মধ্যে আকাশ দীপকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য শুভেচ্ছা জানান মনোজ। ফেক অ্যাকাউন্ট তৈরি করে তাঁকে ও তাঁর পরিবারকে যাঁরা আক্রমণ করছেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শিবপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক।












Click it and Unblock the Notifications