Bengal Pro T20 League 2024: মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন কলকাতা, পুরুষদের ফাইনালে যুগ্ম বিজয়ী
Bengal Pro T20 League 2024: বেঙ্গল প্রো টি২০ লিগে মেয়েদের বিভাগের ফাইনাল নির্বিঘ্নে হলেও পুরুষ বিভাগের ফাইনালে ব্যাঘাত ঘটাল বৃষ্টি।
মহিলাদের বিভাগে মুর্শিদাবাদ কুইন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা টাইগার্স। পুরুষ বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন স্ম্যাশার্স মালদহ ও মুর্শিদাবাদ কিংস।

ভারী বৃষ্টির কারণে পুরুষদের ফাইনাল পরিত্যক্ত হয়। তার আগে টস জিতে মুর্শিদাবাদ ব্যাট করতে পাঠায় মালদহের ফ্র্যাঞ্চাইজিকে। স্ম্যার্শ মালদহ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ তোলে। রণজ্যোৎ সিং খৈরা ২১ ও সৌরভ সিং ২০ রান করেন।
মুর্শিদাবাদ কিংসের হয়ে দিলশান খান ও জিৎ ঠাকুর ২টি করে উইকেট দখল করেন। রান তাড়া করতে নেমে মুর্শিদাবাদ কিংসের স্কোর যখন ১.১ ওভারে বিনা উইকেটে ৭, তখনই প্রবল বৃষ্টি নামে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ অবধি যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এর আগে, ইডেনেই হলো মহিলাদের বিভাগের ফাইনাল। কলকাতা টাইগার্স ৫ রানে মুর্শিদাবাদ কুইন্সকে হারিয়ে প্রথম বেঙ্গল প্রো টি২০ খেতাব জিতল। কলকাতার অধিনায়ক মিতা পাল ব্যাট হাতে ২৪ রান করার পাশাপাশি ১৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন। কলকাতার হয়ে ঈপ্সিতা মণ্ডল অপরাজিত ৩৭ রান করেন।
বল হাতে কলকাতার অরিক্তা মান্না ১৪ রানের বিনিময়ে এবং মমতা কিস্কু ১০ রান খরচ করে ২টি করে উইকেট নেন। মিতা ম্যাচের সেরা। প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। মুর্শিদাবাদ কুইন্সের হয়ে প্রিয়াঙ্কা সরকার ১৮ রানে ২ উইকেট নেন।
জবাবে সন্দীপ্তা পাত্র ৪৫ রান করা সত্ত্বেও শেষ অবধি ৯ উইকেটে ১০৫ রানের বেশি এগোতে পারেনি মুর্শিদাবাদ কুইন্স।












Click it and Unblock the Notifications