বিজয় হাজারে ট্রফিতে শেষ বাংলার অভিযান, এবার হার উত্তরপ্রদেশের কাছে
বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বে যাওয়া হলো না বাংলার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হার চলতি টুর্নামেন্টে অপরাজেয় উত্তরপ্রদেশের কাছে।
আজ রাজকোটে টস জিতে উত্তরপ্রদেশ বাংলাকে ব্যাট করতে পাঠায়। ৪৫.১ ওভারে ২৬৯ রানে অল-আউট হয়ে যায় বাংলা। সুদীপ কুমার ঘরামি ৬ রানের জন্য শতরান পাননি। তাঁর ১০৬ বলে ৯৪ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। শাহবাজ আহমেদ ৫৪ বলে ৪৩ ও আকাশ দীপ ১৬ বলে ৩৩ রান করেন।

ওপেনার হিসেবে নেমে করণ লাল ১১ বলে ৫ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১১ বলে ২৮, অনুষ্টুপ মজুমদার ১০ বলে ১৩, শাকির হাবিব গান্ধী ২৬ বলে ১৭, বিশাল ভাটি ২০ বলে ১৫, মহম্মদ শামি ১১ বলে ১০ ও অঙ্কিত মিশ্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন রোহিত। জিশান আনসারি তিনটি এবং করণ চৌধুরী ও বিপ্রাজ নিগম ২টি করে উইকেট দখল করেন। কুণাল ত্যাগী, প্রশান্ত বীর ও অধিনায়ক রিঙ্কু সিং নেন ১টি করে উইকেট।
জবাবে ৪২.২ ওভারে ৫ উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে উত্তরপ্রদেশ। ধ্রুব জুরেল ৯৬ বলে সর্বাধিক ১২৩ রান করেন। আরিয়ান জুয়াল ৬৫ বলে ৫৬ রান করেন। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ২৬ বলে ৩৭ রানে। মহম্মদ শামি ৭ ওভারে ৫৩, আকাশ দীপ ৬ ওভারে ২৭, অঙ্কিত মিশ্র ৯ ওভারে ৬৮ ও রোহিত ১টি মেডেন-সহ ৯.২ ওভারে ৪৫ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। শাহবাজ ৭ ওভারে ৪৯, বিশাল ভাটি ২ ওভারে ১৭ ও করণ লাল ২ ওভারে ৬ রান খরচ করেন, উইকেট পাননি।












Click it and Unblock the Notifications