Ranji Trophy: ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় বরোদার বিরুদ্ধে চাপে বাংলা
Ranji Trophy: ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় বরোদার বিরুদ্ধে চাপে বাংলা
ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বরোদার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ চাপের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলা। আকাশ দীপ এবং মুকেশ কুমারের দাপটে প্রথম দিনের খেলার শেষে বরোদার রান ছিল ২২২/৭। সেখান থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বরোদার ইনিংস ২৬৯ রানে গুটিয়ে দেয় বাংলা।

দ্বিতীয় দিন সকালে দুই উইকেট নেন সায়ন মণ্ডল এবং একটি রান আউট করেন করন লাল। বাংলার হয়ে সর্বাধিক চারটি উইকেট শিকার করেন আকাশ দীপ এবং তিনটি উইকেট শিকার করেন মুকেশ কুমার। বিহারের হয়ে ওপেনার জ্যোতসনীল সিং ৮৫ রান করেন। এ ছাড়া ৫২ রান করেন মহেশ পিথিয়া এবং প্রিয়াংশু মোলিয়া। বোলিং বিভাগ যথেষ্ট ভাল পারফর্ম করেছে প্রথম ইনিংসে। এ বার ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার দায়িত্ব ছিল বাংলার ব্যাটসম্যানদের উপর। কিন্তু চলতি মরসুমে ছন্দে দেখানো বাংলার ব্যাটিং লাইন যে ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে তাতে বেশ বিপাকে মনোজ তিওয়ারির দল।
একমাত্র অনুষ্টুপ মজুমদার ছাড়া কোনও বাংলার ব্যাটসম্যান বরোদার বোলিং অ্যাটাকের সামনে রুখে দাঁড়াতে পারেননি। ১৭১ বলে ৯০ রান করা অনুষ্টুপ যদি না দাঁড়াতে পারতেন বিপক্ষের বিরুদ্ধে তা হলে অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে পড়তে হতো বাংলাকে। যদিও তাঁর দুর্ভাগ্য শতরান থেকে মাত্র ১০ রান দূরে থেকেই ড্রেসিং রুমে ফিরতে হয়েছে। মিডল অর্ডারের এই ব্যাটসম্যান ছাড়া আর মাত্র দুই জন বাংলার ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছন। এঁরা হলেন অভিমন্যু ঈশ্বরন (২২) এবং অভিষেক পোড়েল (২৫)। বাকিদের রান সীমাবদ্ধ এখনও পর্যন্ত এক অঙ্কের সংখ্যাতেই। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। দিনের শেষে বাংলার রান ১৮৯/৯। এখনও ৮০ রানে পিছিয়ে লক্ষ্মীরতন শুক্লর দল। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন মুকেশ কুমার (৪*) এবং ঈশান পোড়েল (৬*)।
বরোদার হয়ে ৪টি উইকেট নিয়েছেন শেহজাদখান পাঠান, তিনটি উইকেট শিকার করেছেন সোয়েব সোপারিয়া, একটি করে উইকেট নিয়েছেন বিষ্ণু সোলাঙ্কি এবং মহেশ পিথিয়া। বাংলার শেষ উইকেট যত বেশিক্ষণ তৃতীয় দিন ক্রিজে থাকতে পারবে ততটাই ভাল মনোজ তিওয়ারির দলের জন্য।












Click it and Unblock the Notifications