প্রতিভার বিকাশে অর্থ আর বাধা নয়! অশোক মুস্তাফি মেমোরিয়াল ট্রাস্টের বার্ষিক স্কলারশিপ দেবযানী ও রাজেশকে
Ashoke Mustafi Memorial Annual Scholarship: ক্রিকেট প্রতিভার বিকাশে অর্থ বাধা নয়। সিএবি-সহ বিভিন্ন সংগঠন ও ক্লাব এ বিষয়ে তৎপর।
অশোক মুস্তাফি মেমোরিয়াল ট্রাস্ট গত বছরের মতো এ বছরও বাংলার দুই উঠতি ক্রিকেটারের পাশে দাঁড়াল। বার্ষিক স্কলারশিপ প্রদানের মাধ্যমে।

অশোক মুস্তাফি মেমোরিয়াল ট্রাস্টের তরফে দ্বিতীয় বর্ষের বার্ষিক স্কলারশিপ প্রদান করা হলো বাংলার অনূর্ধ্ব ১৫ দলের দেবযানী দাস ও বাংলার অনূর্ধ্ব ১৬ দলের রাজেশ মণ্ডলকে। আয়োজকরা জানান, রাজেশ এ বছর বাংলার হয়ে সর্বাধিক রান করেছেন। দেবযানী বিগত দুই মরশুম ধরে সর্বভারতীয় স্তরে সর্বাধিক উইকেটশিকারী।
এরিয়ান্স ক্লাবে দুখীরাম কোচিং সেন্টারের অন্যতম কোচ অশোক মুস্তাফি। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে অনেক ক্রিকেটার ময়দানে খেলেছেন। বাংলা দলেও জায়গা করে নিয়েছেন। ছোট ছোট ক্রিকেটারদের কেরিয়ার গড়ার পথে এগিয়ে দিতে অসামান্য অবদান ছিল অশোক মুস্তাফির।
অশোক মুস্তাফির প্রয়াণের পর তাঁর কন্যা সৌমী সেন একটি ট্রাস্ট গঠন করেন। অশোক মুস্তাফি যখন কোচিং করাতেন তখন সেই প্রক্রিয়ায় যুক্ত থাকা ব্যক্তিদের নিয়ে। অশোক মুস্তাফির কয়েকজন ছাত্রও এই ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়েছেন।
ট্রাস্টের তরফে বক্তব্য, যেহেতু ছোট ছোট ক্রিকেটারদের নিয়ে কাজ করতেন অশোক মুস্তাফি, সে কারণে বাংলার হয়ে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৬ বিভাগে ভালো খেলা ক্রিকেটারদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হলো। প্রতি বছর ২ জনকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। প্রতি মাসে স্কলারশিপ বাবদ ক্রিকেটাররা পাবেন ১০ হাজার টাকা।
উদ্যোক্তাদের কথায়, আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদেরই আমরা বেছে নিই। এবার একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হলো। ওই সংস্থার তরফে স্কলারশিপ পাওয়া ক্রিকেটারদের ব্যাট দেওয়া হলো। সারা বছর ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে তাঁদের ক্রিকেট সরঞ্জাম কেনার সময়।
দেবযানী, রাজেশদের কথায়, এই উদ্যোগের ফলে আমাদের সুবিধা হবে জুতো, ব্যাট-সহ খেলার সরঞ্জাম কেনার ক্ষেত্রে। ভালো মানের ক্রিকেট সরঞ্জাম ক্রিকেটারদের প্রতিভা বিকাশের জন্য জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
স্কলারশিপ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ-জয়ী ভারতীয় দলের বোলিং কোচ রাজীব দত্ত, ট্রাস্টি মেম্বার বিভাস দাস, অসীম দে। তাঁরা প্রত্যেককেই এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই ধরনের উদ্যোগে বাংলার ক্রিকেট উপকৃত হবে বলেই মন্তব্য তাঁদের।












Click it and Unblock the Notifications