Ranji Trophy: ১২৯ বছরের রেকর্ড ভেঙে দিল বাংলা
Ranji Trophy: ১২৯ বছরের রেকর্ড ভেঙে দিল বাংলা
দীর্ঘ ১২৯ বছর ধরে অস্ট্রেলিয়ান্সদের যে রেকর্ড অটুট ছিল, সেটাই ভেঙে দিল বাংলা। রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের বোলারদের নাস্তানাবুদ করে ৭৭৩/৭ রান তোলে বঙ্গ ব্রিগেড। এরই সুবাদে নতুন মাইলস্টোন তৈরি করল অরুণ লালের ছেলেরা।

লাঞ্চের পর প্রথম বলে সায়ন মণ্ডল যখন অর্ধ-শতরান করলেন তখন প্রথম বার প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও দলের প্রথম আট ব্যাটসম্যান অর্ধ শতরান করেন। এর পর ব্যাটিং করতে নামা আকাশ দীপ অর্ধ শতরান করেন এবং তারই সঙ্গে বাংলা ভেঙে দেয় ১২৯ বছরের প্রাচীন রেকর্ড। পাশাপাশি প্রথম ন'জন ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ রানের বেশি করার নজির প্রথম বার তৈরি হয়।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ৫০+ স্কোরের রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ানদের দখলে। ১৮৯৩ সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান্স দল প্রথম ইনিংসে করে ৮৩৩ অল আউট, যার মধ্যে আট জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছিলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে আকাশদীপ এই ম্যাচে অর্ধ শতরান করার সঙ্গেই এই রেকর্ড চূর্ণ হয়ে যায়।

বাংলার হয়ে শতরান করা সুদীপ কুমার ঘড়ামি অল্পের জন্য দ্বি-শতরান হাতছাড়া করেন। তিনি প্যাভিলিয়নে ফেরেন ১৮৬ রানে। ২১টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শতরান আসে অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকেও। ১৫টি চারের সৌজন্যে তিনি করেন ১১৭ রান। মনোজ তিওয়ারি আউট হন ৭৩ রান করে। দুই ওপেনার অভিষেক রামন এবং অভিমূন্য ঈশ্বরণ যথাক্রমে করেন ৬১ রান এবং ৬৫ রান। ঋদ্ধি না খেলায় প্রথম উইকেটরক্ষক হিসেবে খেলা অভিষেক পোড়েল করেন ৬৮ রান। শাহবাজ আহমেদ করেন ৭৮ রান।
দুই বোলার সায়ন মণ্ডল এবং আকাশ দীপও ব্যাট হাতে ঝাড়খণ্ডের বোলারদের মহড়া নিয়েছেন। বিশেষ করে আকাশ দীপের ১৮ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ৮টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। সায়ন মণ্ডলও করেন অপরাজিত ৫৩ রান।












Click it and Unblock the Notifications