স্টোকসের মারামারির ভিডিও ফুটেজ রিলিজ, আরও চাপে ইংলিশ ক্রিকেটার
বেন স্টোকস আরও চাপে। যা কেলেঙ্কারি করলেন তাতে লজ্জিত ক্রিকেট।
নাইট ক্লাবে গন্ডগোলের জেরে এবার অ্যাসেজের দলে থাকাও অনিশ্চিত হয়ে গেল বেন স্টোকসের। কারণ নাইটক্লাবের থেকে বার হয়ে মারামারি করার সেই ফুটেজ পাওয়া গেছে। আর তারপরই আরও বেশি খারাপ জায়গায় চলে গেলেন ইংলিশ এই ক্রিকেটার।

ইংল্যান্ড-ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা বেন স্টোকসের ভিডিও ফুটেজটি দেখেছেন। তাঁরা জানিয়েছেন, ' আমরা এই প্রথম ফুটেজটি দেখেছি, পুলিশ পুরো বিষয়টির তদন্ত করে দেখেছে। তাঁরা নিশ্চয় সাক্ষ্য প্রমাণ সব জোগাড় করবে।আমাদের তদন্ত পদ্ধতির ওপর পূর্ণ আস্থা রয়েছে।'
নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার হয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। জেলে কাটানোর পর তার জামিন হলেও পুরো বিষয়টির তদন্ত চালাচ্ছে লন্ডন পুলিশ। ইসিবি-র ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস জানিয়েছেন, 'এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্টোকস। তবে ওঁর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। '
তবে ইংলিশ ক্রিকেট বোর্ড দোষ প্রমাণ হলে কড়া শাস্তির রাস্তাতেও হাঁটতে পারে। এমনকি অ্যাসেজ সিরিজেও সেক্ষেত্রে বাদ পড়তে পারেন বেন স্টোকস।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। ওই রাতে ব্রিস্টলের একটি নাইট ক্লাবে মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন বেন স্টোকস। সেই সময় হেলসও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কী কারণে স্টোকস মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন এবং একজনকে প্রহার করেন, তা এখনও স্পষ্ট করা হয়নি পুলিশের তরফে। এদিকে নতুন প্রকাশিত ভিডিওতে স্টোকসকে পরিষ্কার ভাবে মারামারি করতে দেখা গেছে।
এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটান বেন স্টোকস। ২০১২ সালে এক ঘটনায় গ্রেফতার হওয়ার পর পুলিশ তাঁকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু ফের তিনি গভীর রাতে মদ্যপান করে এই নিন্দনীয় ঘটনা ঘটালেন। যা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে আশাপ্রদ নয়। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ থেকে এমনই এক কারণে তিনি ছিটকে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications