আইপিএলের চেয়ে দেশকে প্রাধান্য! চেন্নাই সুপার কিংসের চিন্তা বাড়ালেন বেন স্টোকস
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস জানিয়ে দিলেন, তিনি লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবেন। সে কারণে তাঁকে আইপিএলের পুরোটা পাবে না চেন্নাই সুপার কিংস।
ইংল্যান্ড গত বছর টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। স্বাভাবিকভাবেই এবারের আইপিএলের আগে যে নিলাম হয়েছে তাতে ইংল্যান্ডের ক্রিকেটারদের চাহিদা ছিল তুঙ্গে। বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় কেনে চেন্নাই সুপার কিংস। যদিও মহেন্দ্র সিং ধোনির দলের চিন্তা বাড়িয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জানিয়ে দিলেন, তিনি পুরো আইপিএলে খেলবেন না।

আইপিএলের ক্রীড়াসূচি অনুযায়ী ফাইনাল খেলাটি হবে মে মাসের ২৮ তারিখ। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরুর আগে জুনের ১ তারিখ থেকে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড। ফলে টেস্ট শুরুর মাত্র চার দিন আগে আইপিএল ফাইনাল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আইপিএলের পরের দিকে পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে সিএসকে ফাইনালে উঠলে বেন স্টোকসকে পাওয়া যাবে না, সেটা তাঁর কথাতেই পরিষ্কার।
যদিও ইসিবির ডিরেক্টর অব মেন্স ক্রিকেট রব কি ও টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাকালাম ক্রিকেটারদের টি ২০ লিগ খেলার উপরই বিশেষ জোর দিচ্ছেন। সে কারণে পাকিস্তান সুপার লিগে যে ক্রিকেটাররা খেলবেন তাঁদের বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজে খেলার জন্য কোনও জোরাজুরি করা হচ্ছে না। স্টোকস টেস্ট অধিনায়ক হওয়ার পর ১১টির মধ্যে ১০টিতেই জিতেছে ইংল্যান্ড। গত বছর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আইপিএল খেলে ইংল্যান্ডে গিয়েছিলেন। তিনি লর্ডস টেস্টে খেলেননি, ট্রেন্ট ব্রিজে নেমেছিলেন। তবে বেন স্টোকস প্রাধান্য দিলেন দেশকেই।
স্টোকস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলব। সেই ম্যাচ খেলার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়েই দেশে ফিরব। তবে স্টোকসের মতো বাকিরা একই পথে হাঁটেন কিনা সেটা দেখার। কেন না, ইংল্যান্ডের টেস্ট দলের ৮ জন আইপিএলের আসরে থাকবেন। তাঁর মধ্যে ফুল-টাইম কনট্রাক্ট রয়েছে ৬ জনের। তাঁরা হলেন জো রুট, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার ও স্যাম কারান। তাঁদের সঙ্গে রয়েছেন হ্যারি ব্রুকও, তাঁর ইসিবির সঙ্গে ইনক্রিমেন্টাল ডিল রয়েছে। স্টোকস জানিয়েছেন, অ্যাশেজের প্রস্তুতির জন্য কী করণীয় তা নিয়ে আলোচনা করে নেবেন। তবে কেউ যদি আয়ারল্যান্ড টেস্ট না খেলতে চান তাতেও অসুবিধার কিছু নেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজই যে বেশি গুরুত্বপূর্ণ সে কথাও স্মরণ করিয়ে দেন স্টোকস। সতীর্থদের সঙ্গে কথা বলে অ্যাশেজ প্রস্তুতির পরিকল্পনাও সারবেন।












Click it and Unblock the Notifications