স্টোকস ইন, রয় আউট! ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন কারা?
সাত ম্যাচের টি ২০ সিরিজের জন্য পাকিস্তান সফর ও টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। যদিও কোনওটিতেই জায়গা হয়নি ২০১৬ সালে ভারতে টি ২০ বিশ্বকাপের ফাইনালে তোলার ক্ষেত্রে অবদান রাখা এবং ২০১৯ সালে দেশের মাটিতে ৫০ ওভার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ওপেনার জেসন রয়ের।

বাটলার চোট সারিয়ে নেতৃত্বে
কাফ ইনজুরির কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গিয়েছিলেন বাটলার। তিনি ফিট হওয়ার দিকে এগোচ্ছেন। পাকিস্তান সফর ও টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়ক হিসেবে বাটলারের নামই ঘোষিত হয়েছে। তবে বাটলার পুরো সুস্থ না হয়ে ওঠা অবধি পাকিস্তান সিরিজের প্রথম কয়েকটি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মঈন আলি। ২০০৫ সালের পর এই প্রথম ইংল্যান্ড দল পাকিস্তান সফরে যাচ্ছে।

টি ২০ দলে প্রত্যাবর্তন স্টোকসের
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস সম্প্রতি একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। তিনি পাকিস্তান সফরে যাবেন না, তবে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে স্টোকসকে। যদিও চলতি বছর স্টোকস একটিও টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তাঁর মতোই মার্ক উড এবং ক্রিস ওকস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে একটিও টি ২০ ম্যাচ খেলেননি। স্টোকস পাকিস্তান সফরে না গেলেও উড ও ওকস যাবেন। ইংল্যান্ডের টি ২০ দলে এই তিন ক্রিকেটারের কামব্যাকই গুরুত্বপূর্ণ। ১৮ মাস টি ২০ দলের বাইরে থাকা বেন স্টোকস আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্টে নামার প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্বকাপের দলের কয়েকজন পাকিস্তান সফরে নেই
টি ২০ বিশ্বকাপের দলে থাকা লিয়াম লিভিংস্টোন এবং ক্রিস জর্ডন পাকিস্তান সফরে যাচ্ছেন না। লিভিংস্টোন গোড়ালি এবং জর্ডন আঙুলের চোট সারানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের আগে দুজনেই ফিট হয়ে যাবেন বলে নিশ্চিত ইসিবি কর্তা থেকে শুরু করে নির্বাচকরা। উড গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে কনুইয়ে চোট পান। গত জুলাইয়ে দ্বিতীয়বার অস্ত্রোপচার হয়। তিনি ওভালে টেস্ট দলের সঙ্গে অনুশীলন করছেন। ওকসকেও গত কয়েক মাসে হাঁটুর চোট ভোগাচ্ছিল, তাঁরও অপারেশন হয়। এই দুজনেই চোট সারিয়ে কামব্যাক করলেন ইংল্যান্ডের টি ২০ দলে। টি ২০ বিশ্বকাপে ২২ অক্টোবর ইংল্যান্ডের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।

ঘোষিত দল
গত টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকা টাইমাল মিলস এবার দলের সঙ্গে থাকবেন রিজার্ভ হিসেবে। পাকিস্তান দলের সফরে নজর থাকবে পেসার অলি স্টোন, সিমার টম হেল্ম, লুক উডের দিকে। দ্য হান্ড্রেডে শতরান হাঁকানো উইল জ্যাকস ডাক পেয়েছেন টি ২০ দলে। ২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে একটি টি ২০ খেলা বেন ডাকেটের পাশাপাশি পাকিস্তান সফরের দলে সুযোগ পেয়েছেন জর্ডন কক্স।
ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপের দল- জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। ট্র্যাভেলিং রিজার্ভ- লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।
পাকিস্তান সফরের ইংল্যান্ড টি ২০ দল- জস বাটলার (অধিনায়ক), মঈন আলি (সহ অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডন কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টম হেল্ম. উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।












Click it and Unblock the Notifications