বিরাট কোহলির ১০ রেকর্ড যা তাঁকে ইতিমধ্যে গ্রেটদের তালিকায় বসিয়েছে
বিরাট কোহলির ১০ রেকর্ড যা তাঁকে ইতিমধ্যে গ্রেটদের তালিকায় বসিয়েছে
খেলার মাঠে তিনি থাকলেই আগ্রাসন ফুটে ওঠে পদে পদে। আক্রমণের জবাবে আক্রমণ ফিরিয়ে দিতে ভালোবাসেন তিনি৷ ব্যাট তো বটেই, তাঁর চালচলনে স্লেজিংয়ের উত্তর পেয়ে যায় প্রতিপক্ষরা। তিনি ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন হট, তিনি বিরাট কোহলি৷ আজ ৩৩ বছর বয়সে পা দিলেন ভারতীয় অধিনায়ক।
নিন্দুকেরা বলতেই পারেন, গত দু'বছর ধরে সেঞ্চুরি নেই তাঁর ব্যাটে। আগের সেই কোহলিকে দেখা যাচ্ছে না বাইশ গজে। তবে তা সত্ত্বেও বিরাটের ঝুলিতে রেকর্ডের অভাব নেই। কিংবদন্তি সেই সব নজির রইল ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য

এক
এইমুহূর্তে গোটাবিশ্বের সপ্তম সর্বাধিক রান স্কোরার কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২৩ হাজার ১৫০ রান।

দুই
একটি ক্যালেন্ডার ইয়ারে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট। ২০১৭ সালে মোট ২৮১৮ রান করেছিলেন তিনি৷ তাঁর থেকে এগিয়ে রয়েছেন একমাত্র শচীন তেন্ডুলকর (২৮৬৮) এবং রিকি পন্টিং (২৮৩৩)।

তিন
সেঞ্চুরির সংখ্যার বিচারেও তৃতীয় কোহলি। সবমিলিয়ে ৭০টি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। সামনে রয়েছেন শুধুমাত্র শচীন ও পন্টিং৷

চার
একটি ক্যালেন্ডার ইয়ারে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও তাঁর নামের পাশে৷ ২০১৭ সালে ১১টি সেঞ্চুরি করেছিলেন কোহলি। এক্ষেত্রেও সামনে শুধুই শচীন।

পাঁচ
দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫টি সেঞ্চুরি করেছেন কোহলি। একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এতসংখ্যক সেঞ্চুরি করা মাত্র চারজন ব্যাটসম্যানই রয়েছেন বিশ্বে৷

ছয়
তিনটি টানা ইনিংসে সেঞ্চুরি রয়েছে কোহলির। তিনি ছাড়া এই ধারাবাহিকতা দেখাতে পেরেছেন মাত্র আরও পাঁচ ব্যাটসম্যান।

সাত
কোহলি মোট দশবার নব্বইয়ের বেশি রানে আউট হয়েছেন।এর আগে তিনি ছাড়া নব্বইয়ের ঘরে আউট হয়েছেন মাত্র ১৭ জন ব্যাটসম্যান।

আট
হাফসেঞ্চুরির দিক দিয়েও পিছিয়ে নেই বিরাট। তিন ফর্ম্যাট মিলিয়ে ৫০ এর বেশি রান করেছেন ১৮৮বার৷ ক্রিকেটের ইতিহাসে যা কিনা সপ্তম সর্বোচ্চ।

নয়
ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার পাওয়ার দিক দিয়েও নজির গড়েছেন কোহলি। সব ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ বার ম্যাচের সেরা হওয়ার পুরষ্কার পেয়েছেন কোহলি। ক্রিকেটের ইতিহাসে যা কিনা তৃতীয় সর্বোচ্চ।

দশ
আইপিএলের একটি সংস্করণেও সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর পাশেই রয়েছে। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ৯৭৩ রান করেছিলেন কোহলি। সেই বছর ৪টি সেঞ্চুরি বেরিয়েছিল তাঁর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications