BCCI Guidelines: ভারতীয় দলে শৃঙ্খলা ও সংহতি বজায় রাখতে তৎপর বিসিসিআই, ক্রিকেটারদের জন্য ১০ দফার নির্দেশিকা
BCCI Guidelines: ভারতীয় ক্রিকেটারদের এবার কঠোর অনুশাসনে বাঁধতে চলেছে বিসিসিআই। দলে শৃঙ্খলা ও সংহতি বজায় রাখতে জারি হলো ১০ দফার নির্দেশিকা।
দেশের হয়ে খেলতে গেলে কী কী করতে হবে, কী কী করা যাবে না, তা স্পষ্ট করে দেওয়া হলো। ১১ জানুয়ারি বোর্ডের সঙ্গে টিম ম্যানেজমেন্টের পর্যালোচনা বৈঠকের পর এমন গাইডলাইন নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

ভারতীয় দলে বেশ কিছু বিষয়ে অসন্তোষের কথা বোর্ডকর্তাদের জানিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। নতুন নির্দেশিকায় উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা, পরিবার ও ব্যক্তিগত কর্মচারীদের সফরে রাখা, ব্যক্তিগত এনডোর্সমেন্ট নিয়ে কঠোর অবস্থান।
ভারতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হয়েছে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের-সহ বাকিদের। কোনও সফরে যাওয়ার সময়, ম্যাচ খেলতে বা প্র্যাকটিসে দলের সঙ্গেই সকলকে যেতে হবে।
বিরাট কোহলি যেমন অস্ট্রেলিয়ায় আগে পৌঁছেছিলেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। কিন্তু এমনটা আর চলবে না। দলের শৃঙ্খলা ও সংহতি বজায় রাখার জন্য পরিবার নিয়ে আলাদা করে সফরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ব্যাগ, স্যুটকেস এবং সেগুলির ওজন বেঁধে দেওয়া হয়েছে। তার বেশি ওজন হলে বাড়তি খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকে। পার্সোনাল ম্যানেজার, শেফ বা নিরাপত্তাকর্মীদের নিয়ে যাওয়াতেও রাশ টানছে বিসিসিআই। বোর্ডের অনুমতি ছাড়া এমন কাউকে নিয়ে যাওয়া যাবে না কোনও সফরে।
ক্রীড়া সরঞ্জাম বা ব্যক্তিগত কিছু বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে পাঠাতে হলে তা টিম ম্যানেজমেন্টকে জানাতে হবে। যদি কোনও ক্রিকেটার আলাদাভাবে তা পাঠাতে চান, তাহলে তার খরচ বহন করতে হবে ওই ক্রিকেটারকেই।
প্রত্যেককে প্র্যাকটিস সেশনের পুরো সময়টা থাকতে হবে। হোটেল থেকে প্র্যাকটিসে যাতায়াত দলের সঙ্গেই করতে হবে। কোনও সফর বা সিরিজ চলাকালীন ব্যক্তিগত কোনও শ্যুটিং বা এনডোর্সমেন্টের কাজে যুক্ত থাকতে পারবেন না কোনও ক্রিকেটার।
যদি দেশের বাইরে ৪৫ দিনের বেশি সফর থাকে তাহলে স্ত্রী বা পার্টনার এবং সন্তানের (১৮ বছরের কম) সঙ্গে প্রতি সিরিজে একবারই থাকতে পারবেন ক্রিকেটাররা। সেটাও ১৪ দিনের বেশি নয়। ৪৫ দিনের কম সময় হলে তা সাত দিন ধার্য করা হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।
বিসিসিআইয়ের অফিসিয়াল শ্যুট, প্রোমোশনাল কোনও বিষয় বা অনুষ্ঠানে ক্রিকেটারদের হাজির থাকতে হবে। কোনও ম্যাচ, সিরিজ বা সফর শেষের আগে দলকে ছেড়ে যাওয়া চলবে না। এমনকী তা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলেও। এই নিয়মগুলি না মানলে বোর্ডের সংবিধান অনুযায়ী বিসিসিআই সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। তাতে আইপিএল ও ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুমতি নাও মিলতে পারে। ম্যাচ ফি বা রিটেনার অ্য়ামাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার মতো শাস্তিও হতে পারে।












Click it and Unblock the Notifications