India A Tour: ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নিয়ে বড় প্ল্যান বিসিসিআইয়ের, ক্রিকেটারদেরও অগ্নিপরীক্ষা
India A Tour: বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট কতদিন খেলবেন জানাননি। স্পষ্ট করেননি রঞ্জি ট্রফিতে নামার বিষয়টি। ফলে জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে যদি তাঁরা নামেন তাহলে লাল বলে খেলার সুযোগ বিশেষ পাবেন না।
তার কারণ ২৩ জানুয়ারি থেকে রঞ্জির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ৩০ জানুয়ারি থেকে পরের রাউন্ডের খেলা। যা শেষ হবে ২ তারিখ। ৬ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ।

ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আবার মার্চের ২১ তারিখ থেকে আইপিএল। তা ফেলে তারকারা কাউন্টিতে খেলতে ছুটবেন না। এই পরিস্থিতিতে বিসিসিআই মোক্ষম চাল দিল। প্রতিটি বিদেশ সফরের আগে থাকে শ্যাডো ট্যুর।
আইপিএলের শেষ থেকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরুর আগে যে সময় পাওয়া যাচ্ছে তাতে ভারতীয় এ দলের ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনটি ৪ দিনের ম্যাচের বন্দোবস্ত করা হলো। ক্রিকেটারদের বলা হয়েছে, দলে জায়গা পাওয়ার জন্য এই ম্যাচগুলিতে সুযোগ কাজে লাগাতে।
রোহিত, বিরাটরা যদি টেস্ট খেলা চালিয়ে যেতে চান তাহলে তাঁদেরও ভারতীয় এ দলের হয়ে ম্যাচগুলিতে যেমন খেলতে হবে, তেমনই দলে সুযোগের দাবিদার যাঁরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় রয়েছেন, তাঁরাও এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবেন।
তবে চিন্তা একটা রয়েছে। তা হলো এই ম্যাচগুলি যখন চলবে তখন ইংল্যান্ডে থাকবে টি২০ ব্লাস্ট। ফলে ভারতের এ দল কতটা শক্ত প্রতিপক্ষ পাবে তা নিয়ে ধোঁয়াশা থাকছে। যদিও বিসিসিআইয়ের আশা, ইসিবি পূর্বের অভিজ্ঞতাকে মর্যাদা দিয়ে শক্তিশালী দলই গড়বে।
ইংল্যান্ডে ২০ জুন থেকে প্রথম টেস্ট। যা আবার ২০২৫ থেকে ২০২৭ অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সংস্করণের প্রথম সিরিজ। এবারই প্রথমবার ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি। ফলে পরের সংস্করণ ভালোভাবে শুরু করতে বদ্ধপরিকর। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে।
যেহেতু ইংল্যান্ডে টি২০ ব্লাস্ট চলবে, ফলে তখন বন্ধ থাকবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তাতে ভারতের কারও পক্ষে কাউন্টিতে খেলার সুযোগও থাকছে না। ২০২৩-২৪ মরশুমে ভারতে যখন ইংল্য়ান্ড লায়ন্স টেস্ট সিরিজের আগে শ্যাডো ট্যুরে এসেছিল, তখন ভারতের এ দল বেশ শক্তিশালীভাবেই গড়া হয়েছিল। ছিলেন সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণরা। তাঁরা পরে টেস্ট দলেও সুযোগ পান।
ভারতের এ দল যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিল তখনও প্রধানমন্ত্রী একাদশ বা অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলেছেন স্কট বোল্যান্ড, স্যাম কনস্টাস, বিউ ওয়েবস্টার, নাথান ম্যাকসুইনিরা। যাঁরা বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছেন। ফলে বিসিসিআইয়ের আশা ইসিবিও ভারতের প্রস্তুতিতে যাতে সমস্যা না হয় সে কারণে ভালো দলই গড়বে। ম্যাচগুলির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে এই ম্যাচগুলির পারফরম্যান্সকে যে নির্বাচকরা টেস্টের দল বেছে নেওয়ার সময় গুরুত্ব দেবেন তা পরিষ্কার।












Click it and Unblock the Notifications