BCCI AGM: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা কাল, আইসিসিতে প্রতিনিধিত্ব-সহ কোন বিষয়গুলি নিয়ে আলোচনা?
BCCI AGM: আজ সন্ধ্যায় আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। কাল বিসিসিআইয়ের ৯৩তম বার্ষিক সাধারণ সভা। দুই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।
জয় শাহ-র আইসিসি চেয়ারম্যান হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব নিচ্ছেন। এই পরিস্থিতিতে আইসিসির বৈঠকগুলির জন্য বিসিসিআইয়ের ২ প্রতিনিধির নাম চূড়ান্ত হতে পারে কালকের বৈঠক থেকে।

বিসিসিআইয়ের পরবর্তী সচিব কে হবেন তা নিয়ে অবশ্য কালকের বৈঠকে আলোচনা হবে না বলেই বোর্ডসূত্রে খবর। অ্যাজেন্ডাতেও রাখা হয়নি বিষয়টি। মাঝে কিছুটা সময়ও রয়েছে। ফলে সচিবের নাম চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। যদিও আইসিসির প্রতিনিধি ঠিক করা কালকের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। তারপর দুবাইয়ে আইসিসির কনক্লেভ রয়েছে। ২০ অক্টোবর দুবাইয়ে মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনাল। সেই বৈঠকে জয় শাহ-ই থাকতে পারেন। কেন না, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতির দায়িত্ব ছাড়ার পর থেকে আইসিসির বৈঠকে জয়ই যাচ্ছেন। গত জুলাইতেও তিনিই আইসিসির সভায় বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করেছেন।
জয় ছাড়াও বিসিসিআই সভাপতি রজার বিনিকেও অলটারনেট ডিরেক্টর করা হয়েছে যাতে তিনিও আইসিসির সভাগুলিতে বোর্ডের প্রতিনিধিত্ব করতে পারেন। রজার বিবির বোর্ড সভাপতি হিসেবে মেয়াদ আর বছরখানেক রয়েছে। ফলে দেখার, তাঁকেই অলটারনেট ডিরেক্টর রাখা হয়, নাকি এজিএম অন্য কাউকে এই দায়িত্ব দেয় আইসিসির সভায় বিসিসিআইয়ের হয়ে যাওয়ার জন্য।
আজ বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ন্য়াশনাল ক্রিকেট আকাদেমির নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন। বিসিসিআই কর্তাদের পাশাপাশি রাজ্য ক্রিকেট সংস্থাগুলির তরফেও সকলেই বেঙ্গালুরুতে থাকবেন। বোর্ডের এজিএমের অ্যাজেন্ডায় না থাকলেও বোর্ড সচিব পদে জয় শাহের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা সেরে নেওয়া হতে পারে।
আপাতত যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা তাঁরা হলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল এবং দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি, যিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র। তবে অনিল প্যাটেলই দৌড়ে এগিয়ে বলে দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।
বোর্ড সচিবের নাম চূড়ান্ত করতে বিসিসিআই বিশেষ সাধারণ সভা ডাকবে। তার দিনক্ষণও কালকের এজিএমে চূড়ান্ত হতে পারে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট অনুমোদনের পাশাপাশি ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ১ জন, জেনারেল বডির ২ জন প্রতিনিধির নাম নিয়ে আলোচনা হতে পারে। ক্রিকেট কমিটি-সহ বিভিন্ন কমিটিও নতুনভাবে চূড়ান্ত হবে।
প্রিভেনশন অব সেক্সুয়াল হ্যারাসমেন্ট পলিসি নিয়ে বিসিসিআইয়ের কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে তা নিয়েও এজিএমে আলোচনার সম্ভাবনা রয়েছে। আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়ম আইপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করলে তা নিয়েও বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিস্তারিতভাবে আলোচনা হতে পারে।












Click it and Unblock the Notifications