Gautam Gambhir: গৌতম গম্ভীরের নাম ভারতের হেড কোচ হিসেবে ঘোষণায় দেরি কেন? বেতনে পিছনে ফেলবেন দ্রাবিড়কে!
Gautam Gambhir: ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে তিনটি করে টি২০ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে যাবে চলতি মাসেই। নতুন হেড কোচের তত্ত্বাবধানে।
২৭ জুলাই প্রথম টি২০ আন্তর্জাতিক। তবে এখনও অবধি নতুন হেড কোচের নাম ঘোষণা করতে পারল না বিসিসিআই।

বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েকের সামনে ইন্টারভিউ দিয়েছিলেন গৌতম গম্ভীর ও ডব্লিউভি রামন। যদিও রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে গম্ভীর।
কেকেআরের সমর্থকদের উদ্দেশে বিদায়ী বার্তা দেওয়ার ভিডিও ইতিমধ্যেই শ্যুট করে ফেলেছেন গম্ভীর। সস্ত্রীক তাঁকে দেখা গিয়েছে মুম্বইয়েও। বোর্ডকর্তাদের কথাতেও ইঙ্গিত মিলেছে, গম্ভীরই কোচ হচ্ছেন। কিন্তু তারপরও কেন হচ্ছে না আনুষ্ঠানিক ঘোষণা?
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গম্ভীরের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয়ে আলোচনা চালাচ্ছেন বিসিসিআই কর্তারা। তা চূড়ান্ত হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম হেড কোচ হিসেবে ঘোষণা করা হবে।
গম্ভীর এর আগে কোনও দলের কোচিং করাননি। তিনি লখনই সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সে মেন্টরের দায়িত্ব পালন করেছেন। গম্ভীর মেন্টর হয়ে আসার পর কেকেআর চলতি বছরের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
বিসিসিআই সূত্রে খবর, রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে বোর্ডের থেকে বার্ষিক ১২ কোটি টাকার কাছাকাছি বেতন পেতেন। তবে গম্ভীর দ্রাবিড়ের চেয়েও বেশি বেতন পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। সেই পরিমাণ কতটা তা নিয়েই আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানা যাচ্ছে। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ নিয়োগেও গম্ভীরই শেষ কথা বলবেন বলে খবর।
এদিকে, আগামী সপ্তাহেই ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হতে পারে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টি২০ বিশ্বকাপের পর দীর্ঘ ছুটি চেয়েছেন বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কা সফরে না পাঠিয়ে জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
শ্রীলঙ্কা সফর সেরে ফেরার পর মাসখানেক বিশ্রাম পাবে ভারতীয় দল। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টের ও তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ শুরু। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই তিন টেস্টের সিরিজ রয়েছে। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় চারটি টি২০ আন্তর্জাতিক খেলে ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়ায়। তারপর দেশে ফিরে ইংল্যান্ড সিরিজ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে নামবে ভারত।












Click it and Unblock the Notifications