IND vs ENG At Eden: কলকাতা পুলিশের আপত্তিতেই বদলাল দিন, শনির বদলে বুধে ইডেনে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ
IND vs ENG At Eden: ভারতীয় দলের ক্রীড়াসূচিতে দুটি রদবদল করেছে বিসিসিআই। ভারত-বাংলাদেশ টি২০ আন্তর্জাতিক সরানো হয়েছে ধরমশালা থেকে গোয়ালিয়রে।
আগামী বছরের জানুয়ারিতে ইডেনে ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সেটাও হয়েছে কলকাতা পুলিশের আপত্তিতে।

প্রথমে ঠিক ছিল ২৫ জানুয়ারি ইডেনে হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক। ফলে পরের দিন ছিল রবিবার। শনিবার অনেক অফিস-কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, কিংবা অর্ধদিবস খোলা থাকে। সে কারণে শনিবার ইডেনে ম্যাচ হলে অনেকেরই সুবিধা হতো।
ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের খেলাগুলি রয়েছে সন্ধ্যা ৭টা থেকে। পরের দিন যেমন রবিবার, তেমনই প্রজাতন্ত্র দিবসের ছুটিও রয়েছে। এই অবস্থায় ২৫ জানুয়ারি ইডেনে জমজমাট ক্রিকেট দ্বৈরথ দেখে অনেকেই বাড়ি ফিরে পরদিন জমিয়ে ছুটি উপভোগ করতে পারতেন।
বিসিসিআই এদিন জানিয়েছে, কলকাতা পুলিশের তরফে ম্যাচের দিন বদলানোর অনুরোধ এসেছিল সিএবির কাছে। সিএবি তা বোর্ডকে জানায়। এরপরই সিদ্ধান্ত হয়েছে ২২ জানুয়ারি, বুধবার সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিকটি হবে ইডেনে।
উল্লেখ্য, এই সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা ২২ তারিখ চেন্নাইয়ে। সংশোধিত সূচিতে চেন্নাইয়ে চলে গেল দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক। কলকাতায় ম্যাচের দিন বদলানোর অনুরোধের নেপথ্যে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি বলে জানানো হয়েছে। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান তো চেন্নাইয়েও হয়। তাহলে কেন তার আগের দিন ম্যাচ আয়োজন করায় আপত্তি কলকাতা পুলিশের?
শনিবারের তুলনায় সপ্তাহের কাজের দিন বুধবার ম্যাচ পড়ায় অনেকে ইচ্ছা থাকলেও সূর্যকুমার যাদবদের হয়ে গলা ফাটাতে যেতে পারবেন না ইডেনে। অনেকেই শনিবার ইডেন ম্যাচ বলে তাঁদের পরিকল্পনা সেরে ফেলেছিলেন। কলকাতা পুলিশের আপত্তিতে তাঁদের প্ল্যান বদলাতে হচ্ছে। অনেকে যেতেও পারবেন না ইডেনে।
যদিও ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র দিবসের জন্মদিন পালিত হয়। সেদিন সরকারি ছুটিও রয়েছে। তবু অনেকেরই মতে, শনিবার ম্য়াচ হলেই সুবিধা হতো সবদিক দিয়ে। চেন্নাইয়ের পুলিশ যেখানে সাধারণতন্ত্র দিবসের আগের দিন ম্যাচ আয়োজন করতে পারছে, সেখানে কেন পারল না কলকাতা পুলিশ।
সূত্রের খবর, কলকাতায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় রেড রোডে। যা ইডেনের সামনে ঢিল ছোড়া দূরত্বে। ইডেনের উল্টোদিকে লেসলি ক্লডিয়াস সরণিতে রাখা থাকে নানা ট্যাবলো। রেড রোড দিয়ে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানের আগের দিন। ফলে ম্যাচ হলে দর্শকদের ভিড় সামাল দিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া খুবই জটিল হতে পারতো। সে কারণেই ম্যাচের দিন বদলের আর্জি গিয়েছিল সিএবিতে।












Click it and Unblock the Notifications