BCCI SGM: বিসিসিআইয়ের সভায় থাকছেন আইসিসি চেয়ারম্যানও! উত্তরসূরি নির্বাচনে সাক্ষী থাকতে পারেন জয় শাহ
আইসিসির শীর্ষপদে থেকেও বিসিসিআইয়ের উপর নিজের নিয়ন্ত্রণ কোনওভাবেই শিথিল করছেন না জয় শাহ। আগামী ১২ জানুয়ারি বিসিসিআইয়ের এসজিএম অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন সচিব হিসেবে দেবজিৎ সাইকিয়া, কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিংহ ভাটিয়ার নাম সরকারিভাবে ঘোষণা হবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহও উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায়।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, জয় শাহ সম্ভবত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় একজন 'বিশেষ আমন্ত্রিত' হিসেবে যোগ দেবেন৷ তবে জয় শাহই প্রথম নয় যে কোনও আইসিসি চেয়ারম্যান বিসিসিআই বৈঠকের অংশ নিচ্ছেন৷ এর আগে ২০১৪-১৫ সালে এন. শ্রীনিবাসন যখন আইসিসির ক্ষমতায় ছিলেন তখনও তিনি বিসিসিআইয়ের সভায় যোগ দিয়েছিলেন।

তবে আইসিসির নিয়ম অনুযায়ী একজন চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে অন্য কোনো ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারেন না। সরকারিভাবে যুক্ত থাকতে পারবেন না। তবে জয় শাহ এসজিএম বা বিসিসিআই-এর যেকোন মিটিং-এ যোগ দিতে পারেন বিশেষ আমন্ত্রিত হিসেবে, তবুও সিদ্ধান্ত গ্রহণে তাঁর কোনো বক্তব্য থাকবে না। কিন্ত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় জয় শাহের উপস্থিতি অন্য মাত্রা দেবে। এই সভার আগে বা পরে আইসিসি চেয়ারম্য়ান হওয়ার জন্য জয় শাহকে সংবর্ধনা দেবে রাজ্য সংস্থাগুলি।
দীর্ঘদিন ধরেই একাধিক নাম উঠে আসছিল জয় শাহের উত্তরসূরি হিসেবে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে আইপিএলের প্রধান অরুণ ধুমল, অনেকেরই নাম ভাসছিল। এমনকী প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি এই পদে আসতে পারেন, এরকম জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে কেউই সচিূ হচ্ছেন না।
ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে দেবজিৎ সাইকিয়া সচিব এবং কোষাধ্যক্ষ পদে আসছেন প্রভতেজ সিংহ ভাটিয়া । বোর্ডের নির্বাচনী আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান আচল কুমার জ্যোতি কাছে দেবজিৎ ছাড়া আর কেউই সচিব পদে লড়ার জন্য আবেদন করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন তিনি।
এর আগের কোষাধ্যক্ষ ছিলেন আশিস শেলার। তবে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন। তার পরেই বোর্ডের পদ ছেড়ে দিয়েছেন। সেই শূন্যস্থান পূরণ করবেন প্রভতেজ।
গত ১ ডিসেম্বরই আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জয় শাহ। জয় শাহ বিসিসিআই সচিব হিসেবে পদত্যাগের পর যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া অন্তর্বর্তী সচিবের দায়িত্ব পালন করছেন আপাতত।
পরিস্থিতিতে সচিব পদ দীর্ঘদিন খালি থাকলে বিসিসিআইয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে পারে। লোধা কমিটির নতুন সংবিধান অনুসারে ৪৫ দিনের মধ্যে নতুন সচিব নির্বাচন করা উল্লেখ আছে । এই প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের আগেই সচিব এবং কোষাধ্যক্ষের পদের জন্য নির্বাচন হচ্ছে। আগামী বছর সেপ্টেম্বর মাসে বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ফলে নতুন সচিব যারা আসবেন তাঁর কার্যকালের মেয়াদ হবে নয় মাস।












Click it and Unblock the Notifications