রঞ্জি ট্রফি শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে, দলগুলির জন্য নির্দেশিকা বেঁধে দিল বোর্ড
রঞ্জি ট্রফি শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে, দলগুলির জন্য নির্দেশিক বেঁধে দিল বোর্ড
ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। প্রতিটা দলকে পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে তার পর মাঠে নামতে পারবে অংশগ্রহণকারী দলগুলি। পাশাপাশি সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটার মিলিয়ে সর্বাধিক ৩০ জন প্রতিটা স্কোয়াডে থাকতে পারবে। কোভিড-১৯-এর কারণে মোট নয়টি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হবে দলগুলিকে।

বিসিসিআই আগেই জানিয়েছিল, কোভিডের কারণে দু'বছর রঞ্জি ট্রফি বন্ধ থাকার পর চলতি বছরে তা ফের চালু করা হবে। আইপিএল-এর আগে এবং আইপিএল-এর পর দু'টি পর্যায়ে খেলা হবে রঞ্জির ম্যাচগুলি।
মঙ্গলবার রঞ্জি ট্রফি আয়োজনকারী নয়টি রাজ্য সংস্থাকে ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়াম এই প্রতিযোগীতার জন্য গাইড লাইন বেঁধে যে পাঁচ পাতার খসড়া পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে বলা হয়েছে প্রতি দলে সর্বাধিক ৩০ সদস্য থাকতে পারেন, যার মধ্যে নূন্যতম ২০ জন ক্রিকেটার থাকতে হবে। সর্বাধিক ১০ জন সাপোর্ট স্টাফ থাকতে পারেন দলগুলির সঙ্গে।
প্রথম রাউন্ডের ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র এবং মুম্বই। সৌরাষ্ট্রের দলের হয়ে এই ম্যাচে খেলতে পারেন চেতেশ্বর পূজারা, অপর দিকে মুম্বইয়ের দলে জায়গা পেতে পারেন অজিঙ্ক রাহানে। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন জাতীয় দলের দুই সতীর্থকে রঞ্জিতে নিজেদের রাজ্য সংস্থার জার্সিতে দেখার জন্য। পূজারা এবং রাহানে, দুই জনেই দীর্ঘদিন ফর্মের ধারের কাছে নেই। টেস্ট দল থেকে তাঁদের বাদ দেওয়ার দাবি তুলেছে দেশের একদল ক্রিকেটপ্রেমী। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দল ঘোষণার আগে নির্বাচকদের নজর টানতে এই দুই ক্রিকেটারের ছন্দ ফিরে পাওয়া জরুরি।
দলগুলি নিজেদের প্রথম ম্যাচে নামার আগে নির্ধারিত ভেন্যুতে ১০ ফেব্রুয়ারি পৌঁছে যাবে। দ্বিতীয় এবং পঞ্চম দিনের স্কোয়াডের প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হবে। প্রথম ম্যাচে নামার আগে দলগুলি দুই দিন অনুশীলন করার সময় পাবে। রঞ্জি ট্রফির প্রথম অর্ধেই খেলা হবে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি। ১১ মার্চ থেকে শুরু হবে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ ষোলোর ম্যাচে নামার আগে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে চার দিনের কোয়ারেন্টাই কাটাতে হবে।
রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ৩০ মে থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এই গাইড লাইনে দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে একজন করে কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক স্কোয়াডে রাখার জন্য। আসন্ন রঞ্জি ট্রফি আয়োজিত হবে কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, রাজকোট, কটক, চেন্নাই, তিরুঅনন্তপুরম, হরিয়ানা, গুয়াহাটি'তে।












Click it and Unblock the Notifications