BCCI: গম্ভীরের প্রতি কঠোরতা নয়, সুর নরম কোহলি-রোহিতকে নিয়েও! প্রকাশ্যে এল বোর্ডের ভাবনা
শেষ হওয়ার কয়েকদিন পরও বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে চর্চা অব্যাহত। বিশেষ করে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, সিনিয়র ব্যাটার বিরাট কোহলি এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। তাঁদের কি আর সুযোগ দেওয়া উচিৎ! এই নিয়ে নানা মুণির নানা মত। অস্ট্রেলিয়া সিরিজে শোচনীয় পরাজয়ের পর এই তিনজনকে নিয়ে কী ভাবছে বিসিসিআই?
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে পরাজয়। এরপরও রোহিত-কোহলি হোক বা গৌতম গম্ভীর কাউকেই কোনও শাস্তি পেতে হচ্ছে না। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে, গম্ভীর শুধুমাত্র আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নয় বরং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কোচের দায়িত্বে থাকতে চলেছেন। রোহিত এবং কোহলি তাঁদের অফ ফর্ম নিয়ে একাধির প্রশ্ন উঠলেও দুই মহারথীও ইংল্যান্ড টেস্ট সিরিজে তাঁদের জায়গা বজায় রাখতে পারেন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতে শোচনীয় পরাজয়। বিগত কয়েক মাস ধরেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের।বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে ব্যর্থ টিম ইন্ডিয়া। শেষ দুই বার অস্ট্রেলিয়া থেকে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেই দেশে ফিরেছিল, এবার ফিরতে হল খালি হাতে। ভারতীয় দলকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
পারথে জয় দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা করলেও সিরিজটা একেবারেই ভালো যায়নি ভারতের। ৩-১ ফলে হেরে গিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে। বিরাট রোহিতদের অবসর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। দেশে ফিরে বিরাট রোহিতরা বিশ্রাম নেবেন নাকি রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন সেটা নিয়েও চর্চা রয়েছে।
শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications