মাথায় ড্রিম ইলেভেন, বিতর্কের তোয়াক্কা না করে আইপিএলের নতুন লোগো প্রকাশ
মাথায় ড্রিম ইলেভেন, বিতর্কের তোয়াক্কা না করে আইপিএলের নতুন লোগো প্রকাশ
টাইটেল স্পনসর নির্বাচন নিয়ে দেশের বণিক মহলের বিরোধিতায় তোয়াক্কা না করেই চলতি বছরের আইপিএলের নতুন লোগো প্রকাশ করল বিসিসিআই। বিতর্কিত ড্রিম ইলেভেনকে মাথায় রেখেই তৈরি করা এই লোগো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছে আইপিএল শিবির।

আইপিএলের নতুন লোগো
রাজনৈতিক কারণে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ভিভো। চিনা সংস্থার পরিবর্ত হিসেবে নির্বাচিত হয়েছে ড্রিম ইলেভেন। এই নির্বাচন নিয়ে নানা অসন্তোষের মধ্যেও বিসিসিআই যে নিজেদের সিদ্ধান্তে অবিচল, তার প্রমাণ দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। নতুন টাইটেল স্পনসর ড্রিম ইলেভেনের লোগোকে শীর্ষে রেখেই আইপিএলের নতুন প্রতীক প্রকাশ করেছেন ব্রিজেশ প্যাটেলরা। নেটিজেনদের মধ্যে এর মিশ্র প্রতিক্রিয়া নজরে পড়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট
আইপিএলের নতুন লোগোতে মজেছে চার বারের খেতাব জয়ী তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় সেই লোগোর ছবি দিয়েই টুর্নামেন্টের কাউন্ডডাউন শুরু করেছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ শিবির।

কীভাবে আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন
চিনা সংস্থা ভিভোর পরিবর্তে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার জন্য বিড করেছিল বেশকিছু সংস্থা। ২২২ কোটি টাকা বিড করে বাকিদের পিছনে ঠেলে দিয়েছে ড্রিম ইলেভেন। অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থাকে আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসর হিসেবে বেছে নেয় বিসিসিআই।

বিতর্কের সূত্রপাত
ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন কোনও চিনা সংস্থা নয়। বরং নিখাদ ভারতীয় সংস্থা। ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছিল ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। তবে স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো চিনা ফার্ম ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও যে চিনা সংস্থা, তা আর জানতে কারও বাকি নেই। ড্রিম ইলেভেনের ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চিনা টেকনোলজি জায়ান্ট টেকনেটের হাতে রয়েছে বলেও খবর। তাতেই ক্ষুব্ধ হয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি।












Click it and Unblock the Notifications