BCCI: বিরাট মুখ খুলতেই কাজ! বিদেশে পরিবার নিয়ে যাওয়ার নিয়ম শিথিলের পথে বিসিসিআই?
BCCI: অস্ট্রেলিয়া সফরের পরই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আচরণবিধি লাগু করেছিল বিসিসিআই। যদিও তা সরকারিভাবে ঘোষণা করা হয়নি।
তারই অন্যতম ছিল, বিদেশ সফরে পরিবারের সদস্যদের সঙ্গে রাখার নির্ধারিত সময়সীমা। যা নিয়ে সম্প্রতি অসন্তোষ ব্যক্ত করেন বিরাট কোহলি। এবার সেই নিয়ম শিথিলের পথে হাঁটছে বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ও একটি সংবাদসংস্থার দাবি তেমনই।

বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি কেউ নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি বিদেশ সফরে পরিবারকে সঙ্গে রাখতে চান, তাহলে আগেভাগে বোর্ডের কাছে আবেদন করতে হবে। বোর্ড অনুমতি দিলেই কোনও সমস্যা আর থাকবে না।
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যর্থতার পর বিসিসিআই হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে রিভিউ মিটিং করে। সেখানেই বেশ কিছু বিষয় উঠে এসেছিল। এরপরই দলের শৃঙ্খলা ও সংহতি বৃদ্ধিতে একগুচ্ছ নির্দেশিকা জারি করে।
বোর্ডের নিয়মে বলা হয় যে, ৪৫ দিনের বেশি বিদেশ সফরে কোনও সিরিজে পার্টনার, স্ত্রী ও ১৮ বছরের নীচের সন্তান বা সন্তানদের সর্বাধিক দুই সপ্তাহ নিজেদের কাছে রাখা যাবে। বিসিসিআই থাকার বন্দোবস্ত করে দেবে। বাকি খরচ সংশ্লিষ্ট প্লেয়ারকে বহন করতে হবে।
কোন সময় পরিবারকে রাখা যাবে তা কোচ, অধিনায়ক ও জিএম অপারেশনসকে জানাতে হবে। পরিবারকে রাখার সময়সীমা অতিক্রান্ত হলে কোনও খরচ বিসিসিআই করবে না। যদিও আরসিবির এক অনুষ্ঠানে সম্প্রতি বিরাট কোহলি বোর্ডের এই নির্দেশিকায় অসন্তোষ ব্যক্ত করেন। চাপের সময়ে প্রিয়জনের সঙ্গে থাকা ক্রিকেটারদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সে কথা উল্লেখ করেছিলেন কোহলি।
বিরাটের বক্তব্যকে সমর্থন করেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, পরিবারকে দরকার পড়ে। একইসঙ্গে দলের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আমাদের সময় বোর্ডকে বলতে হতো না। আমরা নিজেরাই ঠিক করতাম প্রথমার্ধে ক্রিকেট খেলায় মনোনিবেশ করতে হবে। দ্বিতীয়ার্ধে পরিবারের সঙ্গে সময় কাটানো। এভাবেই মিশিয়ে চলতে হয়।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলের ক্রিকেটারদের অনেকের পরিবারই দুবাইয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে সকলে সেলিব্রেশনেও মাতেন।












Click it and Unblock the Notifications