Women's T20 World Cup 2024: বাংলাদেশ থেকে সরে ভারতে মহিলা টি২০ বিশ্বকাপ? বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের
Women's T20 World Cup 2024: বাংলাদেশে অক্টোবরের শুরুতেই মহিলা টি২০ বিশ্বকাপ হওয়ার কথা। যদিও পড়শি দেশে সাম্প্রতিক পরিস্থিতির জেরে সেই টুর্নামেন্ট সরতে পারে।
আইসিসির হাতে রয়েছে তিনটি বিকল্প। ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী। যদিও এই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব আইসিসি দিলেও তা ফিরিয়ে দিল বিসিসিআই।

বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, আইসিসির তরফে প্রস্তাব এসেছিল মহিলা টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজন করার। যদিও বিসিসিআই এই টুর্নামেন্ট আয়োজন করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসি ২০ অগাস্ট এই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
অক্টোবরের ৩ তারিখ শুরু হয়ে বিশ্বকাপ চলার কথা ২০ অক্টোবর পর্যন্ত। ভারত আইসিসির প্রস্তাব নাকচ করে দেওয়ায় বিশ্বকাপ সরানো হলে তা যেতে পারে হয় শ্রীলঙ্কায়, নয়তো সংযুক্ত আরব আমিরশাহীতে।
জয় শাহ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যে সময় এই বিশ্বকাপ হবে তখন ভারতের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়ে থাকে। তাছাড়া ২০২৫ সালে ভারতেই মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপও হবে। ফলে পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে আমরা আগ্রহী নই। সেই বার্তাই দিয়েছি।
বাংলাদেশে ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, নানা জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। বাংলাদেশে মহম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশ এ দল ও সিনিয়র দল পাকিস্তান সফরে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহিলা বিশ্বকাপ আয়োজনে মরিয়া হয়ে নানা স্তরে আলোচনা চালাচ্ছে।
সম্প্রতি আইসিসির এক আধিকারিক জানিয়েছিলেন, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। সমস্ত পথ খোলা রেখে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের নিরাপত্তাকেই সর্বাধিক অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যেমন আইসিসি নিয়মিত যোগাযোগ রাখছে, তেমনই আইসিসির স্বাধীন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টারাও পরিস্থিতি পর্যালোচনা করছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিসিবিকে এই টুর্নামেন্ট আয়োজনে সবরকমের আশ্বাস দিতেই পারে। যদিও ভারতের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নাগরিকদের বাংলাদেশে যাওয়ার বিষয়ে ট্রাভেল অ্যাডভাইসরি জারি করে বিধিনিষেধ আরোপ করেছে। মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে সেটাই বড় ফ্যাক্টর হতে চলেছে।
বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতন ঘটেছে। সেই সরকারের ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন, যিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি কোথায় আছেন, বোর্ড থেকে পদত্যাগ করেছেন কিনা তা স্পষ্ট নয়। তবে পাপন-জমানার অবসান ঘটিয়ে বিসিবিতে পালাবদল ঘটতে চলেছে বলে খবর। বিসিবিতেই যেখানে টানাপোড়েন, সেখানে তারা আদৌ কীভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারবে সেটাই বড় প্রশ্ন।
পাপন-ঘনিষ্ঠরা যাঁদের রাজনৈতিক দাপট ছিল তাঁদেরও বিসিবি থেকে বিদায় হওয়া একরকম পাকা। আগামী মাসে বাংলাদেশ দলের ভারত সফরে আসার কথা। জয় শাহ বলেন, বাংলাদেশের কারও সঙ্গে এখনও কথা হয়নি। সে দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নিশ্চিতভাবেই তারা কিংবা আমরা যোগাযোগ করব। ভারত-বাংলাদেশ সিরিজকে আমরা গুরুত্ব দিয়েই দেখছি। এদিকে, জয় শাহ জানান, ভিভিএস লক্ষ্মণই ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।












Click it and Unblock the Notifications