কোভিড-১৯ নেগেটিভ সৌরভ, নিশ্চিন্ত ক্রিকেট মহল, স্থিতিশীল স্নেহাশিসও
কোভিড-১৯ নেগেটিভ খবর শুনিয়ে নিশ্চিন্ত করলেন সৌরভ, স্থিতিশীল দাদাও
ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে বলে খবর। সেই খবরে স্বস্তি ফিরেছে বেহালার বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে। করোনা আক্রান্ত মহারাজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

কোভিড-১৯ নেগেটিভ সৌরভ
সূত্রের খবর, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় শরীরে করোনা ভাইরাস মেলায় নিজের কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। পরীক্ষার ফল বিসিসিআই সভাপতির হাতে এসেছে। দাদার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রিকেট মহল।

কোভিড-১৯ পজিটিভ স্নেহাশিস
গত জুন মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বউদি। হয়তো সেখান থেকেই মহারাজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শরীরেও মারণ ভাইরাস বাসা বাঁধে। তিনি বেশকিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। তারপরেই স্নেহাশিসের করোনা টেস্ট করা হয়েছিল।

হাসপাতালে স্নেহাশিস
এক মাস আগে স্ত্রীর সঙ্গে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন খবর উড়িয়ে দিয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে। আক্রান্ত স্ত্রী, শ্বশুর এবং শাশুড়িকে মোমিনপুরের বাড়িতে রেখে বেহালার পৈতৃক বাড়িতে চলে এসেছিলেন সিএবি সচিব। করোনা সংক্রামিত স্নেহাশিসকে সেই বাড়ি থেকে দক্ষিণ কলকাতার বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হোম কোয়ারেন্টাইনে সৌরভ
দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ভাই তথা ভারতীয় ক্রিকেটের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে বেহালার পৈতৃক বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে প্রশাসন। মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা এবং মাকেও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে চলছে গঙ্গোপাধ্যায় পরিবার।












Click it and Unblock the Notifications