সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা-জয়ের লড়াইয়ে, বিসিসিআই সভাপতি আজ কেমন আছেন?
সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার পর এখনও ভর্তি কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মৃদু উপসর্গ থাকলেও তাঁর জ্বর আর আসেনি। বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরে অক্সিজেনের মাত্রাও ৯৯ শতাংশ।

ওমিক্রন হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার কথা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়়ে দেওয়া হতে পারে। দু-একদিনের মধ্যে বাড়ি ফিরে গেলেও আপাতত তাঁকে নিভৃতবাসেই থাকতে হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে রয়েছেন ডা. সরোজ মণ্ডল, ডা. সপ্তর্ষি বসু ও ডা. সৌতিক পাণ্ডা। যেহেতু কাশি নেই তাই সিটি স্ক্যান আপাতত করা হচ্ছে না। তবে সামান্য সর্দি রয়েছে। এজন্য স্টিম দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গতকাল রাতে ভালোই ঘুম হয়েছে। প্রাতরাশ ও মধ্যাহ্নভোজ সেরেছেন স্বাভাবিকভাবেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালেই টিভিতে চোখ রেখেছেন মহারাজ। দেখছেন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। অফিসের জরুরি কিছু কাজও সারছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গতকাল কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর দফতর থেকেও সৌরভের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়কের সতীর্থরা, বোর্ডের কর্তারাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন ফোন করে। অমিতাভ বচ্চন মেসেজ করেছেন।
Praying to Almighty God for the well being & quick recovery of @BCCI President and former India captain @SGanguly99 who has been admitted in a hospital for treatment after testing positive for COVID-19.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 28, 2021
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতৃত্বও সৌরভের আরোগ্য কামনা করেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খবরাখবর নিচ্ছেন। জানা গিয়েছে, সৌরভের মা, স্ত্রী, কন্যা-সহ সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, বাড়ির সকলে সুস্থই রয়েছেন। আজ বেহালায় সৌরভের অফিস ও তাঁর বাড়িতে কলকাতা পুরসভার তরফে স্যানিটাইজ করা হয়েছে। সম্প্রতি টনিক ছবির প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন সৌরভ। দেব-সহ সেই ছবির কলাকুশলী ও আরও যাঁরা সৌরভের সংস্পর্শে এসেছিলেন, সকলেই সুস্থ রয়েছেন।
Have been receiving many calls after @SGanguly99 being announced Covid positive, As a precautionary measure I too tested for Covid today and the result is Negative
— Dev (@idevadhikari) December 28, 2021
Thanku for all the concern, we all are keeping safe 🙏🏻
রবিবার রাতে সামান্য জ্বর এসেছিল সৌরভের। সোমবার নিজেই সেলফ টেস্টিং কিট দিয়ে তিনি করোনা পরীক্ষা করেন। প্রথমবার পজিটিভ আসার পর দ্বিতীয়বারও রিপোর্ট পজিটিভ আসে। চলতি বছরের গোড়াতেই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তাই কো-মর্বিডিটি থাকায় সোমবার সন্ধ্যা নাগাদ তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আর জ্বর আসেনি সৌরভের। ডা. দেবী শেঠি-সহ বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত না হলে সৌরভকে কাল অথবা শুক্রবার ছেড়ে দেওয়া হতে পারে। তারপর বাড়িতেই চিকিৎসকদের পরামর্শমতো থাকবেন বোর্ড সভাপতি।












Click it and Unblock the Notifications