আইপিএল বাতিল হলে কত ক্ষতি? পুরো বেতন পাবেন কি ক্রিকেটাররা? কোন বার্তা বিসিসিআই সভাপতি সৌরভের
আইপিএল বাতিল হলে কী পুরো বেতন পাবেন ক্রিকেটাররা? কোন বার্তা বিসিসিআই সভাপতি সৌরভের
করোনা ভাইরাসের জেরে চলতি বছরের আইপিএল বাতিল করতে হলে ক্রিকেটারদের বেতন কেটে নেওয়ার ইঙ্গিত দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সরকার অনুমতি দিলে তাঁরা আইপিএল আয়োজন করতে রাজি বলেও জানিয়েছেন মহারাজ। সেক্ষেত্রে কবে হবে টুর্নামেন্টে, তার ফর্ম্যাটে কোনও পরিবর্তন আনা হবে কিনা, সে ব্যাপারে কিছু জানাননি বিসিসিআই সভাপতি।

ভয়াবহ করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৪৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আশি হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।

স্থগিত আইপিএল
ঠিক ছিল, ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে প্রথমে ১৫ এপ্রিল করা হয়েছিল। সরকার লকডাউনের মেয়াদ বাড়ালে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় বিসিসিআই। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। সেক্ষেত্রে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে এবং তাতে আইপিএল বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কত ক্ষতি
করোনা ভাইরাসের জেরে ২০২০ আইপিএল বাতিল হলে বিসিসিআই এবং বিনিয়োগকারী সংস্থাগুলির প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ক্ষতির প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে বাধ্য। তবে খুব শীঘ্র পরিস্থিতি পরিবর্তন হলে আইপিএল আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্ট আয়োজন করতে বিসিসিআই যে কতটা মরিয়া, তাও বুঝিয়ে দিয়েছেন মহারাজ।

বেতনে কোপ
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল হলে ভারতীয় ক্রিকেটারদের পুরো বেতন দেওয়া সম্ভব হবে না। মহারাজ জানিয়েছেন, বিসিসিআই-র বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। কোনওভাবে আইপিএল আয়োজন করা সম্ভব হলে (ক্লোজড ডোর হলেও বা ক্ষতি নেই) কিছুটা বাঁচোয়া। অন্যথায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে এ বছরের পুরো বেতন তুলে দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হবে না বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন, ১৮ মে-এর পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে তাকিয়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কে কত পান
বিসিসিআই-এর বর্তমান বেতন কাঠামো অনুযায়ী এ প্লাস গ্রেডে থাকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ, বোর্ডের কাছ থেকে বার্ষিক সাত কোটি টাকা বেতন পান। গ্রেড এ, বি, সি-এ অন্তর্ভূক্ত ক্রিকেটাররা বার্ষিক যথাক্রমে ৫, ৩ ও ১ কোটি টাকা বেতন পান।












Click it and Unblock the Notifications