লর্ডসে রাহুলের দাদাগিরি দেখে আবেগঘন বার্তা সৌরভের, রোহিতের মতে সেরা ইনিংস

ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের জয় হাতছাড়া হয়েছিল বৃষ্টির জন্য। যদিও লর্ডসে টস হেরেও ম্যাচের রাশ প্রথম দিন থেকেই নিজেদের হাতে রেখেছে বিরাট কোহলির ভারত। সৌজন্যে লোকেশ রাহুলের শতরান। যা দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিসিসিআই কর্তারা। রোহিত শর্মা ১৭ রানের জন্য শতরান হাতছাড়া করলেও রাহুলকে দিলেন দরাজ সার্টিফিকেট। ক্রিকেটপ্রেমীদের মন ভরে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেগঘন বার্তায়।

লর্ডসে মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল সস্ত্রীক হাজির ছিলেন লর্ডসে। ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ থেকে শুরু করে অরুণ ধুমল, রাজীব শুক্লার মতো বিসিসিআই কর্তারাও। ম্যাচ শুরুর আগেই টেলিভিশনের পর্দায় একসঙ্গে ভেসে ওঠে সকলের ছবি। নেটাগরিকরা উদ্বেল হয়ে যান জিওফ্রে বয়কটের সঙ্গে সৌরভের কথোপকথন দেখে। বয়কট নিজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম প্রশংসক। ১৯৯৬ সালে লর্ডসে সৌরভের অভিষেক দেখে তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে ডাকতে শুরু করেন প্রিন্স অব ক্যালকাটা বলে। স্বাভাবিকভাবেই সৌরভ ও বয়কটকে পাশাপাশি বসে থাকতে দেখে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়।

নস্ট্যালজিক সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে প্রথম দিনের খেলা উপভোগ করার পাশাপাশি নস্ট্যালজিক হয়ে পড়েন। তিনি ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেন। একটি লর্ডসে অভিষেকে শতরানের। একটি লর্ডসে অধিনায়ক হিসেবে টেস্টে। এ ছাড়া ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ছবির পাশাপাশি গতকাল লর্ডসে উপস্থিত থাকার ছবি। ক্যাপশনে বিসিসিআই সভাপতি লেখেন, এখানে প্রথম এসেছিলাম ১৯৯৬ সালে ক্রিকেটার হিসেবে। তারপর অধিনায়ক হিসেবে। এবার প্রশাসক হিসেবে লর্ডসে খেলা উপভোগ করলাম। আগেও ভারত এখানে ভালো খেলেছে, এবারও ভালো অবস্থাতেই রয়েছে। লর্ডসে ক্রিকেট সব সময়ই রাজকীয়। সেই পোস্টের প্রেক্ষিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের তরফে লেখা হয়েছে, আপনাকে আমাদের মধ্যে পেয়ে খুবই ভালো লাগছে।

রাজকীয় রাহুল

লর্ডসে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করায় রোহিত শর্মা ও লোকেশ রাহুলের শতরানের পার্টনারশিপ। রোহিত ১৭ রানের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে এলেও বিদেশের মাটিতে কোনও ইনিংসে নিজের সর্বোচ্চ টেস্ট রান করলেন। ১২৭ রানে অপরাজিত থাকা রাহুলকে দরাজ সার্টিফিকেট দিয়ে রোহিত বলেন, লোকেশ রাহুল আমার চোখে এদিন সেরা ব্যাটিং করেছেন। প্রথম বল থেকে শেষ অবধি দাপট ও নিয়ন্ত্রণ রেখেই তিনি খেলেছেন। খুবই ভালো নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন। কোনও সময়ই তাঁকে দ্বিধাগ্রস্ত বা চিন্তান্বিত লাগেনি। নিজের পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা বজায় রেখে খেলেছেন, আর সেটা যখন ঠিক থাকে তা নিশ্চিতভাবেই কাজে দেয়। এদিনটি রাহুলেরই ছিল, তিনি তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন।

উপভোগ্য পার্টনারশিপ

নতুন বলে ঝুঁকিপূর্ণ শট না খেলেই ম্যাচের রাশ হাতে নিয়েছিল রো-রা জুটি। রাহুলের সঙ্গে ওপেনিং জুটি দারুণ উপভোগ করছেন রোহিত শর্মা। তিনি বলেন, টেস্ট ক্রিকেটের এটাই মজা যে অনেক শট খেলার দক্ষতা থাকলেও পরিস্থিতি প্রতিকূল থাকলে নিজেকে এটা বোঝাতে হয় যে অকারণে নতুন বলে ঝুঁকিপূর্ণ শট খেলার দরকার নেই। প্রথম দিকে বল ছেড়ে খেলাই ভালো। পিচ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পর শট খেলা যেতেই পারে। পরিস্থিতি বুঝে মাঠে নেমে সেইমতো পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোই আমাদের লক্ষ্য এবং অস্ট্রেলিয়া সফরের মতো এখানেও তার অন্যথা হচ্ছে না। প্রত্যেকেই নিজেদের ভূমিকা সম্পর্কে অবগত থেকে নিজেদের দায়িত্ব পালন করছেন।

আউটে হতাশ

রাহুলের সঙ্গে ওপেনিং উপভোগ করলেও আগে তাঁর সঙ্গে কথা বলে কোনও পরিকল্পনা ঠিক করেননি বলেই দাবি রোহিত শর্মার। তিনি বলেন, সত্যি কথায় আগে কোনও কথাই হয়নি রাহুলের সঙ্গে। প্রথম টেস্টে ওপেন করার কথা ছিল ময়াঙ্ক আগরওয়ালের। মাথায় চোট লেগে কনকাসনের কারণে তিনি ছিটকে যেতে রাহুল সুযোগ পান। রাহুলের না হলে খেলার কথাই ছিল না। ব্যাটিংয়ের সময় শুধু কীভাবে খেলা উচিত তা নিয়ে কথা হয়েছে, সবটাই স্বাভাবিক কথাবার্তা যা হয়ে থাকে। তবে এই প্রথম টেস্টে তাঁর সঙ্গে ওপেন করছি। কিন্তু আগেও অনেকবার তাঁর সঙ্গে ওপেন করছি বা একসঙ্গে ব্যাট করছি। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পার্টনারের সঙ্গে কথাবার্তা চালিয়ে গেলে বা বোঝাপড়া ঠিক থাকলে ব্যাটিং করা অনেকটাই সহজ হয়ে যায়। আমরা একে অপরের খেলার ধরন জানি, আমাদের মানসিকতাও একই, ইনিংসের ফাঁকে নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে ভালোই লাগছে। নিজে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান করলেও শতরান হাতছাড়ার হতাশা রয়েছে। নিজের এই ইনিংসে বিদেশের মাটিতে সেরা বলেও মানছেন না রোহিত। তবে এই ইনিংসই সবচেয়ে যে চ্যালেঞ্জিং ছিল তা উল্লেখ করে রোহিত বলেছেন, যেভাবে শুরু থেকে খেলছিলাম তাতে সন্তুষ্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হলাম।

(প্রচ্ছদের ছবি- রাজীব শুক্লার টুইটার)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+