Ranji Trophy: আদৌ আয়োজিত হবে রঞ্জি ট্রফি, বাকি টুর্নামেন্টগুলির ভবিষ্যৎ কী, স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
উত্তরোত্তর জটিল হচ্ছে দেশের কোভিড পরিস্থিতি। ওমিক্রনের প্রভাবে ফের সঙ্কটের মুখে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেএেও। সামগ্রিক পরিস্থিতি বিচার করে রঞ্জি ট্রফি সহ একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এর মধ্যে রয়েছে কর্নেল সি কে নাইডু ট্রফি এবং মহিলাদের টি-২০ লিগ।

বোর্ডের এই সিদ্ধান্ত স্বভাবতই চিন্তার ভাঁজ পড়তে শুরু করে রাজ্য সংস্থাগুলি'র কর্তাদের কপালে। এই পরিস্থিতিতে রাজ্য সংস্থাগুলিকে আশ্বস্থ করে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন চিন্তার কিছু নেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসলেই ফের শুরু করা হবে ঘরোয়া প্রতিযোগীতা।
রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে পাঠানো মেলে-এ বোর্ড সভাপতি লিখেছেন, "আপনারা জানেন কোভিড পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণে ঘরোয়া ক্রিকেট বর্তমানে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা এবং কয়েকটি দলের একাধিক ক্রিকেটারের কোভিডে আক্রান্ত হওয়ার খবরও সামনে এসেছে। এর ফলে প্লেয়ার, অফিসিয়াল এবং টুর্নামেন্টের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। বিসিসিআই নিশ্চিত করতে চায় যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এলেই ফের ঘরোয়া ক্রিকেট চালু করার জন্য যা যা করণীর সব কিছু করবে বোর্ড। এই মরসুমের বাকি প্রতিযোগীতাগুলি সমপন্ন করতে আমরা বদ্ধপরিকর। কিছু দিনের মধ্যে নতুন রূপ রেখা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে বোর্ড। আপনাদের সমর্থন এবং সহযোগীতার জন্য ধন্যবাদ।"
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি'র। তার আগেই কোভিডে আক্রান্ত হন বাংলা'র সাত ক্রিকেটার। কোভিডের কবলে পড়েছেন মুম্বইয়ের ভিডিও এবং শিবম দুবে। ২০২০-২১ মরসুমে কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি।
বাংলার সাত ক্রিকেটারের পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া'কে। সিএবি'র কোষাধক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছেন। সম্পর্কে দেবাশিস বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাকা।
রঞ্জি'র মতো এই মাসেই শুরু হওয়ার কথা ছিল কর্নেল সি কে নাইডু ট্রফি। মহিলাদের টি-২০ লিগ শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে ১১টি টুর্নামেন্টে সাত শতাধিক ম্যাচ আয়োজনের লক্ষ্যমাত্র নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই।












Click it and Unblock the Notifications