টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই আনতে পারে বিদেশি কোচ, দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে চর্চা
দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল নির্বাচন থেকে স্পষ্ট বার্তা মিলেছে। দলে রাখা হয়নি একাধিক সিনিয়র তারকাকে। টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই যে তারুণ্য নির্ভর দল গঠনে জোর দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। অধিনায়ক বদলের পাশাপাশি টি ২০ আন্তর্জাতিকে কোচ বদল নিয়েও চলছে জল্পনা।

পরবর্তী টি ২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা
এটা ঠিক, আইপিএল শুরু হওয়ার পর থেকে ভারত একবারও টি ২০ বিশ্বকাপ জেতেনি। ২০০৭ সালে একমাত্র মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আইপিএল থেকে বহু ক্রিকেটার উঠে এসে তারকা হলেও কাঙ্ক্ষিত ট্রফি অধরাই থেকে গিয়েছে। ২০২৩ সালে ভারতের বেশি টি ২০ আন্তর্জাতিক খেলার কথা নেই। তবে ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপে সেট দল নামানোর লক্ষ্যে এখন থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সিনিয়রদের উপর চাপ বাড়াচ্ছেন তরুণরা
ভারতীয় টি ২০ দলে সিনিয়ররা নিজেদের চেনা ছন্দে নেই, কিন্তু সুযোগ পেলেই সদ্ব্যবহার করছেন তরুণ ক্রিকেটাররা। যা সিনিয়রদের দলে জায়গা ধরে রাখা কঠিন করে দিয়েছে। তবে শ্রীলঙ্কা সিরিজের দল গঠনে ঝাঁকুনি স্পষ্ট। হার্দিক পাণ্ডিয়াকে পরবর্তী টি ২০ বিশ্বকাপের অধিনায়ক ভেবেই শক্তিশালী দল গঠনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। ২০২৩ সালে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জেতা লক্ষ্য। কিন্তু তাতে ব্যাহত হবে না টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি। একদিনের আন্তর্জাতিক দলে সিনিয়রদের রাখা হলেও টি ২০ দলে আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে ভালো তরুণ পারফর্মারদের মধ্যেই সুস্থ প্রতিযোগিতা চলবে।

ইংল্যান্ড মডেল অনুসরণ?
টি ২০ দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ কতদিন সেটাও চর্চার বিষয়। আপাতত শ্রীলঙ্কা সিরিজে দ্রাবিড়ই কোচ থাকছেন। তবে টি ২০ দলের জন্যই বিদেশি কোচ আনার দরজাও খোলা রাখছে বিসিসিআই। এক্ষেত্রে বিসিসিআই শীর্ষকর্তারা তাকিয়ে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি এ ব্যাপারে কী মতামত জানায়। স্প্লিট কোচিংয়ে সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম হেড কোচ হওয়ার পর ইংল্যান্ডের টেস্ট দলের পারফরম্যান্স আমূল বদলে গিয়েছে। টি ২০ কোচিংয়ে বিশেষজ্ঞ এমন কাউকে ভারতের কোচ করে আনা হতে পারে।

স্প্লিট কোচিংয়ের দরজা বন্ধ হচ্ছে না
ডানকান ফ্লেচারের মেয়াদ শেষের পর ভারতীয় ক্রিকেটে আর কোনও বিদেশি কোচ আনা হয়নি। তবে রাহুল দ্রাবিড়ের ওয়ার্কলোড কমানোর কারণ দেখিয়ে তাঁকে টি ২০ কোচিং থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও ঘুরপাক খাচ্ছে বোর্ডের অন্দরমহলে। সম্প্রতি হরভজন সিং মন্তব্য করেছিলেন, খুব বেশিদিন ক্রিকেট থেকে অবসর নেননি এবং টি ২০ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কোচ করা হলে তা ভারতের পক্ষে ইতিবাচক হবে। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, এখন এত বেশি সংখ্যক ম্যাচ খেলা হয় তাতে একজনের পক্ষে তিনটি ফরম্যাটেই খেলা বা কোচিং করানো সহজ নয়। ফলে স্প্লিট কোচিংয়ের দিকেই নতুন বছরে ঝুঁকতে পারে বিসিসিআই।












Click it and Unblock the Notifications