করোনা-কাঁটা এড়াতে আইপিএল দলগুলিকে কড়া বার্তা বিসিসিআইয়ের, কেকেআর পাবে না তারকাকে
চলতি বছর আইপিএলে থাবা বসিয়েছিল করোনা। ফলে মাঝপথেই স্থগিত রাখতে হয়েছিল আইপিএল। দেশের মাটিতে আইপিএল ফিরিয়ে এনে ধাক্কা খাওয়ার পর ফের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত বছর সেখানেই নির্বিঘ্নে আইপিএল আয়োজনের পর বিসিসিআই ভেবেছিল দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আইপিএল ভারতে আয়োজনে অসুবিধা হবে না। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে জৈব সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ে ব্যাঘাত ঘটায় করোনা। এবার বাকি ম্যাচগুলি আয়োজনে তাই আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড কোনও ঝুঁকিই নিতে চাইছে না।

ভ্যাকসিনের ডোজ বাধ্যতামূলক
২৭ দিনের মধ্যে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজিত হবে মরুদেশে। আটটি ফ্র্যাঞ্চাইজির কাছেই বিসিসিআইয়ের তরফে কড়া বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এক ফ্র্যাঞ্চাইজি কর্তা জানিয়েছেন, বোর্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য সব দলের প্রত্যেকের দুটি করে ভ্যাকসিনের ডোজ নেওয়া বাধ্যতামূলক। দলগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছালে বা আইপিএল শুরু হলে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণেই এই কড়াকড়ি। তাছাড়া ফের করোনা পরিস্থিতিতে আইপিএল আয়োজন ধাক্কা খেলে তার প্রভাব পড়তে পারে টি ২০ বিশ্বকাপেও। তাই কোনও ফাঁকফোকড় যাতে না থাকে তা নিশ্চিত করে রাখতে চাইছে বিসিসিআই।

নিভৃতবাসের পর অনুশীলনে
আরও জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সাতদিন নিভৃতবাসে থাকার পর তবেই অনুশীলন শুরু করতে পারবে দলগুলি। তবে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা ইংল্যান্ডেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে সেই নিয়মটা প্রযোজ্য হবে না। কারণ, সেক্ষেত্রে এক বায়ো বাবল থেকে অন্য বাবলে প্রবেশ করতে হবে ক্রিকেটারদের। মে মাসের গোড়াতেই করোনা পরিস্থিতির কারণে থমকে গিয়েছিল আইপিএল। বাকি ম্যাচগুলি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। ১৯ তারিখ দুবাইয়ে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এরপর আবু ধাবিতে কেকেআর-আরসিবি ম্যাচ। শারজায় প্রথম আইপিএল ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর। দুবাইয়ে ১৩টি, শারজায় ১০টি ও আবু ধাবিতে হবে ৮টি ম্যাচ।

কেকেআর কামিন্সহীন
ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেকেই আইপিএলে খেলবেন। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল খেলতে আসবেন বলে মনে করা হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এখনও চূড়ান্ত আশ্বাসবাণী না এলেও কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স আইপিএলের ম্যাচগুলি খেলতে আসবেন না। তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও জানিয়েছেন, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। আইপিএল যে সময়ে হবে তার মাঝামাঝি সময়েই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকতে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন না কামিন্স।
ছবি- বিসিসিআই/আইপিএল












Click it and Unblock the Notifications