BCCI: উত্তর-পূর্বে ক্রিকেট পরিকাঠামো উন্নয়নে জোর বিসিসিআইয়ের, নতুন এনসিএ-তে থাকছে বিরাট চমক
আয়ের নিরিখে প্রথম বিশ্বের দেশগুলিকে হেলায় হারিয়েছে বিসিসিআই। বর্তমানে মোট আয়ের ক্ষেত্রে শুধু শীর্ষে থাকাই নয় একইসঙ্গে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে কয়েক যোজন এগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু আয়ের নিরিখেই নয় এবার পরিকাঠামো ক্ষেত্রেও প্রথম বিশ্বের দেশগুলিকে চ্যালেঞ্জ জানাতে চলেছে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীনই নতুন এনসিএ তৈরির ব্লু প্রিন্ট তৈরি হয়।
বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পাশেই আরও একটি শাখা চালু করার উদ্যেগ নেয় বিসিসিআই। ঘটা করে হয় ভিত্তিপ্রস্থর স্থাপনও। কিন্তু কয়েক বছর কেটে গেলেও নতুন এনসিএ কবে চালু হবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বোর্ড সচিব জয় শাহ দিলেন বিরাট আপডেট। আগামী অগাস্টের মধ্যেই নতুন এনসিএ চালু হয়ে যাবে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যেমন হাই পারফরম্যান্স ক্রিকেট সেন্টার আছে তেমনই নতুন এনসিএকে সেইভাবেই গঠন করা হচ্ছে। বিসিসিআই মনে করছে আন্তর্জাতিক স্তরে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রয়োজন উন্নত মানের পরিকাঠামো। সেখানে কোচ, সাপোর্ট স্টাফ এবং থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা আরও গভীরে গিয়ে রণকৌশল সাজানোর রসদ পান। পাশাপাশি তরুণ ক্রিকেটারাও পান উন্নত প্রশিক্ষণের সুযোগ।সেই লক্ষ্যেই নতুন এনসিএ-কে সাজাচ্ছে বিসিসিআই।
এখানেই শেষ নয় প্রতিটি রাজ্যে ক্রিকেট পরিকাঠামোকে আরও উন্নতর করার জন্য অ্যাকাডেমির উপর বিশেষ জোর দিচ্ছে বিসিসিআই। বিশেষ করে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড,মিজোরামের মতো রাজ্যগুলি তাদের রাজধানী শহরে অ্যাকাডেমি চালু করবে। খুব দ্রুতই সেই অ্যাকাডেমিগুলি চালু হবে। উত্তর পূর্বের রাজ্যগুলির ক্রিকেট পরিকাঠামোকে ঢেলে সাজানোর উদ্যেগ নিয়েছে বিসিসিআই।
বোর্ড সচিব জয় শাহ মনে করছেন অ্যাকাডেমির মাধ্যমেই উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে নতুন প্রতিভা উঠে আসবে। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, উত্তর পূর্বের রাজ্যগুলিতে অ্যাকাডেমি তৈরির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে, অগাস্টের মধ্যেই সেগুলি চালু হয়ে যাবে।পাশাপাশি কাশ্মীরের ক্রিকেট পরিকাঠামো আরও উন্নত করার দিকে নজর দিচ্ছে বিসিসিআই। সব মিলিয়ে নতুন বছরে দেশজুড়ে দেশের ক্রিকেট পরিকাঠামোকে ঢেলে সাজাতে চলেছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications