আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে অভিনব উদ্যোগ বিসিসিআইয়ের
বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ নজর দিয়েছেন বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দিকে। সেখানকার পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় এনসিএ-তে প্রশংসনীয় কাজ করছেন বলে বারবারই বলে থাকেন বোর্ড সভাপতি। এবার আরও এক অভিনব ও কার্যকরী পদক্ষেপ বিসিসিআইয়ের।

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমির সঙ্গে একযোগে ফাস্ট ট্র্যাক লেভেল ২ কোর্সের ব্যবস্থা করেছিল বিসিসিআই। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটাররা সেই কোর্সে অংশ নেন। এই কোর্সে অংশগ্রহণের মাপকাঠি ছিল অন্তত ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোর্সটি হলো হাইব্রিড মডেল অনুসরণ করে। প্রথম পর্যায়ে চারদিন ধরে কোর্সের প্রশিক্ষণ চলে অনলাইনে। এরপর এনসিএ-তে আরও চারদিন ধরে চলে কোর্সের দ্বিতীয় পর্যায়।
হৃষিকেশ কানিতকার, অভিনব মুকুন্দ, রমেশ পওয়ার, ওয়াসিম জাফর, শরণদীপ সিং, দেবাশিস মোহান্তি, বিনয় কুমার, লক্ষ্মীপতি বালাজি, রবিন উথাপ্পারা এই কোর্স করলেন। দক্ষতা অর্জন, পেস ও স্পিন বোলিংয়ে অ্যাপ্লায়েড বায়োমেকানিক্স, ব্যাটিং, উইকেটকিপিং, সামাজিক ও ব্যক্তিগত কর্মদক্ষতা গড়ে তোলা, ভিডিও অ্যানালিসিসের মতো বিভিন্ন বিষয় এই কোর্সের মধ্যে ছিল।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দীর্ঘ আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতার সঙ্গেই গুরুত্বপূর্ণ ক্রিকেটের বিভিন্ন টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় সম্পর্কে অবহিত থাকাও। একজন ভালো কোচ হতে গেলে দরকার এই দুইয়ের মিশেল। বিশ্বের নানা প্রান্তে অনেকেরই ভালো কোচ হওয়ার গুণ রয়েছে। আমার বিশ্বাস, এনসিএ যে এই কোর্সের ব্যবস্থা করেছে তাতে যাঁরা এতে অংশ নিচ্ছেন তাঁরাই শুধু উপকৃত হবেন তা নয়, তাঁদের অধীনে যাঁরা খেলা শিখবেন প্রতিভার বিকাশের পক্ষে তাই এই কোর্সের শিক্ষায় তাঁরাও সমৃদ্ধ হতে পারবেন।
বোর্ড সচিব জয় শাহ বলেছেন, কোচেদের উন্নতমানের প্রশিক্ষণ দিতে বিসিসিআই বরাবরই সচেষ্ট। এই কোর্স তারই একটা অঙ্গ। এটা দেখে ভালো লাগছে বেশ কিছু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার নিজেদের কোচিং দক্ষতা বৃদ্ধিতে এই কোর্সের প্রতি আগ্রহ দেখিয়েছেন। খেলা ছাড়ার পরও আমাদের ক্রিকেটাররা যেভাবে খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন, যে উদ্যমে দেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এগিয়ে আসছেন তা সত্যিই ইতিবাচক ও প্রশংসনীয়।












Click it and Unblock the Notifications