IPL 2025: শাহরুখের সুরে সওয়াল কাব্যর, দিল্লি ক্যাপিটালস ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চায় না, ঝড় আইপিএল বৈঠকে
IPL 2025: আইপিএলের ১০ দলের কর্তাদের সঙ্গে আজ মুম্বইয়ে বৈঠক সারল বিসিসিআই। কয়েকজন ফ্র্যাঞ্চাইজি কর্তা যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।
সূত্রের খবর, মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে সরব হন কেকেআর কর্ণধার শাহরুখ খান। তাঁর সঙ্গে তর্কাতর্কি হয় পাঞ্জাব কিংসের নেস ওয়াডিয়ার। শাহরুখ অবশ্য পাশে পান সানরাইজার্স হায়দরাবাদের কাব্য মারানকে।

বৈঠকের পর সাংবাদিকদের দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল জানান, তাঁরা চাইছেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়া হোক। সানরাইজার্স হায়দরাবাদের কাব্য মারান সাতজন প্লেয়ারকে রিটেনশনের প্রস্তাব দেন। এর মধ্যে বিদেশির সংখ্যা বেঁধে না দিতেও বলা হয়।
মেগা নিলাম পাঁচ বছর অন্তর করা উচিত কিনা তা নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা সহমত পোষণ করতে পারেনি। কাব্য মারান বলেছেন, একটি দল গড়ে তুলতে, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের প্রতিভার বিকাশ ঘটাতে অনেকটা সময় লাগে। অভিষেক শর্মার উদাহরণও সামনে রাখেন তিনি। ফলে ঘনঘন নিলাম হলে সমস্যা।
রাইট টু ম্যাচ কার্ডের নিয়ম ফেরানো নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। কোনও প্রতিভাকে খুঁজে এনে কোনও দল তাঁর প্রতিভা বিকাশের সুযোগ দিল। এমন প্লেয়ারদের কোনও দল গড়ে তোলার পর আনক্যাপড ক্রিকেটারদের অন্য কেউ নিলাম থেকে নিতে পারে। সেই প্রবণতা ঠেকাতে বিশেষ ক্যাটাগরির প্রস্তাব দেওয়া হয়। যাতে ওই ক্রিকেটারকে পর্যাপ্ত অর্থ দিয়ে সংশ্লিষ্ট দল ধরে রাখতে পারে।
বিসিসিআই জানিয়েছে, এই বৈঠকে যে প্রস্তাব বা সুপারিশ এসেছে তা খতিয়ে দেখবে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেগুলি পর্যালোচনার পর পরবর্তী আইপিএলের নিলাম ও টুর্নামেন্টের নিয়ম চূড়ান্ত করা হবে। জানা যাচ্ছে, অগাস্টের মধ্যে রিটেনশন ও নিলামের বিষয়ে গোটা চিত্র স্পষ্ট হয়ে যাবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই অনেকের মতো রোহিত শর্মা জানিয়েছেন, তিনি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে নন। এতে অলরাউন্ডারদের বিকাশের পথে সমস্যা হতে পারে বলে মনে করেন হিটম্যান। দিল্লি ক্যাপিটালসের জিন্দলের রোহিতের ভাবনাকে সমর্থন জানালেন।
জিন্দলের কথায়, আমি ১১ বনাম ১১-র লড়াই চাই। এই নিয়ম সম্ভবত আনা হয়েছিল তরুণ ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ করে দিতে। কিন্তু অলরাউন্ডারদের সমস্যা হচ্ছে। মনে রাখতে হবে অলরাউন্ডাররা কিন্তু গুরুত্বপূর্ণ।
আইপিএলে প্লেয়ার ধরে রাখার সংখ্যা নিয়ে একেকটি দলের একেকরকম মত। নানাবিধ সংখ্যার সুপারিশ হয়েছে। সানরাইজার্সের মালকিন বেশি সংখ্যক বিদেশি ধরে রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, একই মত আরও কয়েকটি দল পোষণ করেছিল আইপিএল সিওও হেমাঙ্গ আমিনের সঙ্গে বৈঠকে।
একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, কাব্য মারান চাইছেন, রিটেনশন দিয়ে বেশি সংখ্যক ক্রিকেটার যাতে ধরে রাখা যায়। নয়তো নিলামে রাইট টু ম্যাচ কার্ড ফেরাতে কিংবা পুরোটাই হোক রাইট টু ম্যাচ কার্ড দিয়ে। আরটিএম মেথডে অন্তত ৮ ক্রিকেটারকে রাখার জন্য ঝাঁপাবে কেকেআরও।
কোনও ক্রিকেটারকে ধরে রাখা, নাকি রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে তাঁকে ফেরানোর বিষয় নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটার কী চান তা জানার বিকল্প ফ্র্যাঞ্চাইজিগুলিতে দেওয়ার পক্ষে সওয়াল করেন কাব্য। এতে প্লেয়ারদের আর্থিক ক্ষতির সম্ভাবনা এড়ানো যাবে।
তবে বৈঠকে যেভাবে অনেকে মেগা নিলাম তুলে দিয়ে মিনি নিলাম রাখার সুপারিশ করেছে তাতে তিনি বিস্মিত বলে জানান জিন্দল। যদিও তিনি এই বিষয়টিকে সমর্থন করেন না। আইপিএলের মেগা নিলাম টুর্নামেন্টের ভারসাম্য বজায় রাখতে সহায়ক বলে মনে করেন তিনি। কাব্য মারান পাঁচ বছর অন্তর মেগা নিলাম আয়োজনের দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি আবার শুধু মিনি নিলামের পক্ষপাতী।












Click it and Unblock the Notifications