BCCI: গম্ভীরের মাতব্বরিতে রাশ টানার পথে বিসিসিআই, ভারতীয় দলে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা শুরু
BCCI: ভারতীয় দলে এবার সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়ানো হতে পারে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিপর্যয়ের পর ব্যাটিং কোচ নিয়োগের ভাবনাচিন্তা শুরু হয়েছে।
এই সংক্রান্ত এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনায় বিষয়টি উঠে এসেছে বলে দাবি করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে।

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর তিনিই বেছে নিয়েছেন মূল সাপোর্ট স্টাফদের। সহকারী কোচ হিসেবে রেখেছেন কেকেআরে তাঁর সঙ্গে কাজ করা অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে। মর্নি মরকেলের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছিলেন গম্ভীর। মরকেলকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করেছেন।
গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর শ্রীলঙ্কায় একদিনের আন্তর্জাতিক সিরিজে ভারত হেরেছিল। নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়। অস্ট্রেলিয়ায় পারথ টেস্ট জিতলেও শেষ অবধি ১-৩ ব্যবধানে সিরিজ হারে ভারত।
বারবারই প্রশ্নের মুখে পড়়েছে ব্যাটিং। কম রান করলে যে টেস্ট জেতা সম্ভব নয়, তা সকলেই বুঝছেন। বিরাট কোহলি অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন অস্ট্রেলিয়ায়। এই রোগ সারাতে এবং ভারতীয় দলের ব্যাটিংকে ঘুরে দাঁড় করাতে সহকারী কোচেদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে বারবার।
অস্ট্রেলিয়ায় ব্যর্থতার জন্য সহকারী কোচরাও যে কোনওভাবে দায় এড়াতে পারেন না সে কথা বলে দিয়েছিলেন সুনীল গাভাসকর। অভিষেক নায়ার অনেককেই কেকেআরে থাকাকালীন বা মুম্বইয়ে ব্যক্তিগতভাবে সাহায্য করে ব্যাটিংয়ের ত্রুটি দূর করতে সহযোগিতা করেছেন। তাঁর সুফল পেয়েছেন অনেক ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলে তাঁর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন অনেকেই।
ভারতীয় দলে মর্নি মরকেল বোলিং কোচ, দুশখাতে ও অভিষেক সহকারী কোচ, টি দিলীপ ফিল্ডিং কোচ। তাঁদের সঙ্গেই এবার ব্যাটিং কোচ রাখা হতে পারে। বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। তালিকায় নাম রয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রাক্তন তারকাদেরও।
গত ১১ জানুয়ারি মুম্বইয়ে বিসিসিআই পর্যালোচনা বৈঠক সেরেছিল। বোর্ডকর্তাদের পাশাপাশি সেখানে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানেই ব্যাটিং কোচ নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির ফর্ম নিয়েই সকলের উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে জোরালো দাবি উঠছে কোচিং স্টাফে রদবদল আনার, বিশেষ করে ব্যাটিং কোচ হিসেবে কাউকে নিয়োগ করার।












Click it and Unblock the Notifications