AUS vs IND: বিকল্প রাখতে চাইছেন গম্ভীর! অস্ট্রেলিয়া সফরে ভালো খেলার পুরস্কার পাচ্ছেন ভারতীয় ‘এ’ দলের ২ সদস্য
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ। কিন্তু টেস্ট ম্যাচ শুরুর আগেই চোটের সমস্যা বাড়ছে ভারতীয় শিবিরে। রোহিত খেলতে না পারলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে দুই ওপেন করার সম্ভাবনা ছিল কেএল রাহুলের। কিন্তু তিনিও চোটের সমস্যায় পড়েছেন।
পারথের ওয়াকায় সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলছেন ভারতীয় দলের সদস্যরা। শনিবার ছিল দ্বিতীয় দিন। এরআগে চোট পেয়েছিলেন সরফরাজ খান, কেএল রাহুল। এমনকি বিরাট কোহলিও স্ক্যান করতে গিয়েছেন বলে জানা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে চোটের তালিকায় নাম লেখালেন শুভমান গিল। ফলে পারথে টেস্টে তাঁর খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা আছে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় 'এ' দলের সদস্য হিসেবে যাওয়া সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে দেবদত্তের নাম থাকলেও পরে সাই সুদর্শনের নাম যুক্ত হয়েছে এই তালিকায়। ফলে ঈশ্বরণের জন্য প্রতিযোগিতা কঠিন হচ্ছে। এ দলের সদস্যদের ১৭ তারিখ রাতে ফেরার কথা কিন্তু এই দুই ক্রিকেটার থেকে যেতে পারেন দলের সঙ্গে।
সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। ফলে তিনি এই সময়টা পরিবারেরর সঙ্গে থাকতে চান। প্রথম টেস্টে খেলবেন না। এমনিতেই রোহিত না খেললে একজন ওপেনার প্রয়োজন হবে ভারতের। তার উপর গিল ছিটকে গেলে তিন নম্বর নিয়েও নতুন করে ভাবতে হবে গম্ভীরকে। এই পরিস্থিতিতে ভারতীয় এ দলের দুই সদস্য অস্ট্রেলিয়ায় মূল দলের সঙ্গে রাখার চিন্তাভাবনা করছে থিঙ্ক ট্যাঙ্ক।
এই পরিস্থিতিতে বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য কিছুটা আশার সঞ্চার হচ্ছে। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগ আসতে পারে অভিমন্যু ঈশ্বররণের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে ব্যাট হাতে সফল হতে পারেননি ঈশ্বরণ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে চার ইনিংসে ব্যর্থ হয়েছেন। এমনকি পারথের ওয়াকায় সিমুলেটেড ট্রেনিং ম্যাচে শনিবার ব্যাট করতে নেমে কার্যকরী ভূমিকা নিতে পারেননি।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে ভারতীয়দের মধ্যে দুই টেস্টের চার ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। চার ইনিংসে তাঁর রান ১৫১। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ধ্রুব জুরেল। প্রথম ম্যাচ খেলেননি। দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৪৮ রান করেছিলেন দেবদত্ত।ব্যাট হাতে ভারতীয় এ দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছিলেন সাই সুদর্শন। চার ইনিংস মিলিয়ে তাঁর রান ছিল ১২৭।












Click it and Unblock the Notifications