প্রতীক্ষার অবসান শুধু সময়ের অপেক্ষা, মহিলা আইপিএল শুরু হতে চলেছে নতুন বছরের প্রথম দিকেই
প্রতীক্ষার অবসান শুধু সময়ের অপেক্ষা, মহিলা আইপিএল শুরু হতে চলেছে নতুন বছরের প্রথম দিকেই
মহিলা আইপিএল-এর জন্য দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৩-এর মার্চ মাসে বহু প্রতিক্ষিত মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসর বসতে চলেছে ভারতে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে পাঁচ দলের হবে এই টুর্নামেন্ট। আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৩-এর পরই শুরু হবে মহিলা আইপিএল। ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৩।

যা রিপোর্ট সামনে এসেছে তা থেকে জানা যাচ্ছে বিসিসিআই পরিকল্পনা করছে ২২ ম্যাচের এই লিগ আয়োজন করার। প্রতিটা ফ্রাঞ্চাইজিতে সর্বাধিক ১৮ সদস্য খেলতে পারবেন যার মধ্যে সর্বাধিক ৬ জন করে বিদেশি খেলোয়াড় রাখা যাবে দলে। প্রথম একাদশে পাঁচ-এর বেশি বিদেশি খেলানো যাবে না।
বিসিসিআই প্রস্তাবিত পরিকল্পনা ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলির কাছে পাঠিয়ে দিয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, লিগ পর্যায়ে প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে দুইটি করে ম্যাচ খেলবে। লিগ পর্যায়ের সমস্ত ম্যাচ শেষ হওয়ার পর শীর্ষ স্থানে থাকা দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দল এলিমিনেটর খেলবে। এলিমিনেটারের বিজয়ী দল খেলবে ফাইনালে। কত দিনের টুর্নামেন্ট হবে তা এখনও স্থির করেনি বিসিসিআই। তবে, এই প্রতিযোগীতা পুরুষদের আইপিএল ২০২৩-এর আগে শেষ হয়ে যাবে।
বিসিসিআই বার্ষিক সাধারণ সভার আগে এই বিষয়ে যে চিঠি পাঠিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির কাছে তাতে বলা হয়েছে, "হোম-অ্যাওয়ে ফরম্যাটে মহিলা আইপিএল আয়োজন করাটা কঠিন কারণ পাঁচ-ছয়টা দল নিয়ে প্রত্যেক দিন ম্যাচ করাটা সম্ভব নয়। প্রস্তাব দেওয়া হয়েছে যে কারাভান স্টাইলে প্রতিযোগীতা আয়োজন করা হবে। যেখানে একটি মাঠে প্রথম দশটি ম্যাচের পর, অপর একটি মাঠে পরবর্তী ১০টি ম্যাচ আয়োজন করা হবে। "












Click it and Unblock the Notifications