নির্বাচক নিয়োগে উদ্যোগী বিসিসিআই, আগরকরের নেতৃত্বাধীন প্যানেলেও আসছেন নয়া ২
বিসিসিআই তিন বিভাগে নয়া নির্বাচক নিয়োগ করতে চলেছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আজ। ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। পুরুষদের সিনিয়র দলের নির্বাচকমণ্ডলীতে ২ জন, মহিলাদের নির্বাচকমণ্ডলীতে ৪ জন ও পুরুষদের জুনিয়র বিভাগে একজন নির্বাচক নেওয়া হবে। আবেদনকারীদের ইন্টারভিউয়েও ডাকা হবে বলে জানানো হয়েছে।

ভারতের সিনিয়র দলের নির্বাচক হতে গেলে আবেদনকারীর সাতটি টেস্ট অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ কিংবা ১০টি ওডিআই ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত পাঁচ বছর আগে অবসর নেওয়া প্লেয়ার আবেদন করতে পারবেন। ৫ বছর বিসিসিআইয়ের কোনও ক্রিকেট কমিটিতে দায়িত্ব পালন করা কেউ আবেদন করতে পারবেন না।
বিসিসিআইয়ের বিবৃতিতে উল্লেখ না থাকলেও একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে নতুন নির্বাচক নিয়োগ করা হবে। যদিও বর্তমান নির্বাচকমণ্ডলীর কারও মেয়াদ এখনও ফুরোয়নি।
দক্ষিণাঞ্চল থেকে বর্তমান নির্বাচকমণ্ডলীতে রয়েছেন এস শরৎ, পূর্বাঞ্চল থেকে শিবসুন্দর দাস। শরৎ ২০২১ সালে জুনিয়র প্যানেলের চেয়ারম্যান হন, সিনিয়র নির্বাচকমণ্ডলীতে আসেন ২০২৩ সালে। চেতন শর্মা সরার পর কিছুদিন সিনিয়র নির্বাচকমণ্ডলীর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ছিলেন শিবসুন্দর, পরে আগরকর নির্বাচক প্রধান নিযুক্ত হন। আগরকরের মেয়াদ আসন্ন টি২০ বিশ্বকাপ অবধি বাড়ানো হয়েছে। পরেও তাঁকেই নির্বাচক প্রধান রাখার ভাবনা রয়েছে বলে খবর।
মহিলাদের নির্বাচকমণ্ডলীর বর্তমান চেয়ারম্যান নীতু ডেভিড। মহিলাদের নির্বাচকমণ্ডলী ঢেলে সাজানো হচ্ছে। এই নির্বাচকমণ্ডলীর বেশিরভাগ সদস্যের কার্যকালের মেয়াদ সেপ্টেম্বরে শেষ হচ্ছে। একমাত্র শ্যামা সাউ ২০২৩ সালে নিযুক্ত হয়েছিলেন। বর্তমানে নির্বাচকমণ্ডলীতে দক্ষিণাঞ্চল থেকে কেউ নেই।












Click it and Unblock the Notifications